হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে জিম্বাবুয়ে সফর থেকে বাদ পড়োছেন মুস্তাফিজুর রহমান। চার সপ্তাহের চোটে ছিটকে যাওয়ায় দ্য হান্ড্রেডের শুরুর দিকের কয়েকটি ম্যাচ মিস করবেন তিনি। তবুও পূর্ব পরিকল্পনা অনুযায়ী, বার্মিংহাম ফিনিক্সের সঙ্গে যোগ দেবেন কাটার মাস্টার। মূলত মুস্তাফিজের চোটের অবস্থা পরখ করে দেখতে চায় ফ্র্যাঞ্চাইজিটি।
আগামী সপ্তাহে বার্মিংহামে যাবেন বাঁহাতি এই পেসার। বার্মিংহামের পারফরম্যান্স ডিরেক্টর জেমস থমাস স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলতে নেমে মুস্তাফিজুর রহমান চোট পেলেও পূর্ব পরিকল্পনা অনুযায়ী বার্মিংহাম ফিনিক্সের সঙ্গে যোগ দেবেন।’
ডান হাঁটুতে হ্যামস্ট্রিং টিয়ার এবং মেনিস্কাল ডিজেনারেশনের শিকার হয়েছেন মুস্তাফিজ। ফলে জিম্বাবুয়ে সফরের বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না তিনি। তবে ফিনিক্সের মেডিকেল বিভাগের মূল্যায়নের জন্য আগামী সপ্তাহে বার্মিংহামে যাবেন এই বাঁহাতি পেসার।
এদিকে বার্মিংহামের পারফরম্যান্স ডিরেক্টর জেমস থমাস বলেন, ‘মুস্তাফিজ এবং বিসিবির সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, পরিকল্পনা অনুযায়ী আগামী সপ্তাহে আমাদের মেডিকেল বিভাগের মূল্যায়নের জন্য তিনি বার্মিংহামে আসবেন। এরপর আমরা নির্ধারণ করতে পারব, মুস্তাফিজ এ বছর “দ্য হান্ড্রেড”-এ অংশ নিতে পারবেন কি না।’
তিনি আরও বলেন, ‘আমরা আশাবাদী যে, মুস্তাফিজ এ বছর বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলতে পারবেন। তবে তার চোট মূল্যায়নের সম্ভাব্য সব ফলাফলের জন্য পরিকল্পনা প্রস্তুত রাখব আমরা। ততদিন পর্যন্ত আমরা মুস্তাফিজের দ্রুত আরোগ্য কামনা করছি এবং চোটের অবস্থা আরও ভালোভাবে মূল্যায়ন করব।’
যদিও জিম্বাবুয়ে সিরিজের মাঝে বিসিবির পক্ষ থেকে ফিজিও বায়েজিদুল ইসলাম বলেছেন, ‘মুস্তাফিজ প্রথম ওয়ানডেতে বল করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে একটা আঘাত নিয়ে উঠে আসে। পরে স্ক্যান করে তার হাঁটুতে চোট ধরা পড়ে। এটা ঠিক হতে ৪ সপ্তাহের মতো লাগবে। তাই মুস্তাফিজ দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া অংশ নেবেন।’
এসএইচ/আইএইচ
