একের পর এক হারের পর অবশেষে জিম্বাবুয়ে সফরে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের দল ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে। আগেই দুই ম্যাচ হারায় রোডেশিয়ানদের বিপক্ষে সিরিজ হাতছাড়া করেছিল সফরকারীরা। ২-১ ব্যবধানে সিরিজটা জিতেছে জিম্বাবুয়ে।
এদিন ২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম উড়ন্ত শুরু এনে দেন। দুইজনের ওপেনিং জুটিতে ওঠে ১৫১ রান। তামিম সেঞ্চুরি করতে না পারলেও খেলেছেন ১০১ বলে ৯৪ রানের ঝলমলে এক ইনিংস। তরুণ এই ওপেনার ম্যাচসেরাও হয়েছেন।
পুরস্কার বিতরণী মঞ্চে টাইগার ওপেনার জানিয়েছেন ব্যাট হাতে নিজের সাফল্যের রহস্য। তামিম বলেছেন, ‘আলহামদুলিল্লাহ আমরা ম্যাচ জিতেছি। উইকেট অনেক ভালো মনে হয়েছে। ব্যাট করতে গিয়ে চেয়েছি যত বেশি সময় ধরে খেলা যায়। আমার মনে হয় আগের উইকেটে বেশি বাউন্স ছিল। আজকে বল ঠিকভাবে এসেছে। এখানেই পার্থক্য আছে।’
শেষ ওয়ানডে থেকে টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রেরণা খুঁজছেন তামিম, ‘তারা ভালো বল করেছে। আমাদের জুটি দরকার ছিল। চেয়েছি স্বাভাবিক ক্রিকেট খেলে যেতে। টি-টোয়েন্টি সিরিজের আগে এই জয় আমাদেরকে অনেক আত্মবিশ্বাস দেবে। চেষ্টা করব সেই সিরিজটা জেতার।’
এসএইচ/এএইচএস
