আইসিসি ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ডের বিজয়ীদের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সহযোগী সদস্য দেশগুলোর ক্রিকেট উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়। বিভিন্ন বিভাগে এবার পুরস্কার জিতেছে ব্রাজিল, জাপান, নাইজেরিয়াসহ ছয়টি দেশ।
আইসিসি জানিয়েছে, জুনে ঘোষিত আঞ্চলিক মনোনীতদের মধ্য থেকে চূড়ান্ত বিজয়ীদের নির্বাচন করা হয়েছে। উন্নয়ন ও অংশগ্রহণ, নারী ক্রিকেট উদ্যোগ, দলীয় পারফরম্যান্স, ডিজিটাল সম্পৃক্ততা এবং সামাজিক প্রভাবসহ সাতটি বিভাগে সেরাদের স্বীকৃতি দেওয়া হয়েছে।
ক্রিকেটের গল্প বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার স্বীকৃতি হিসেবে ডিজিটাল ফ্যান এনগেজমেন্ট অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন। ক্রিকেট ফর গুড সোশ্যাল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার বিভাগে বিজয়ী হয়েছে ব্রাজিল। ক্রিকেট ফেস্টিভ্যাল অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছে নাইজেরিয়া ক্রিকেট ফেডারেশন।
আইসিসির চেয়ারম্যান জয় শাহ বলেন, ‘এই পুরস্কারের উদ্দেশ্য হলো বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের সহযোগী সদস্য দেশগুলো যে অসাধারণ কাজ করছে, তা উদযাপন করা। এ বছরের বিজয়ীরা দেখিয়ে দিয়েছে, ক্রিকেট কীভাবে মানুষকে অনুপ্রাণিত করতে পারে, নতুন সুযোগ সৃষ্টি করতে পারে, কমিউনিটিকে শক্তিশালী করতে পারে এবং এমন পারফরম্যান্স উপহার দিতে পারে, যা বিশ্বজুড়ে দৃষ্টি আকর্ষণ করে। আপনারা বৈশ্বিক ক্রিকেট পরিবারের জন্য অনুপ্রেরণা।’
আইসিসি ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড বিজয়ীরা
ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার : এমিরেটস ক্রিকেট বোর্ড
ফিমেল ক্রিকেট ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার : এমিরেটস ক্রিকেট বোর্ড ও তুর্কিয়ে ক্রিকেট (যৌথভাবে)
সহযোগী সদস্য নারী দলের বর্ষসেরা পারফরম্যান্স : এমিরেটস ক্রিকেট বোর্ড
সহযোগী সদস্য পুরুষ দলের বর্ষসেরা পারফরম্যান্স : ফেদেরাজিওনে ক্রিকেট ইতালিয়ানা
ডিজিটাল ফ্যান এনগেজমেন্ট অব দ্য ইয়ার : জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন
ক্রিকেট ফর গুড সোশ্যাল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার : কনফেদেরাসাও ব্রাজিলেইরা দে ক্রিকেট
ক্রিকেট ফেস্টিভ্যাল অব দ্য ইয়ার: নাইজেরিয়া ক্রিকেট ফেডারেশন
এসএইচ/আইএইচ
