বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার লক্ষ্যে মাঠে নামবে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। অন্যদিকে ২০১০ সালের পর প্রথম ফাইনালে চোখ স্পেনের। ফুটবল বিশ্বের কোটি ভক্তের নজর কাড়া এই হাইভোল্টেজ ম্যাচটি পরিচালনার দায়িত্ব কার ওপর পড়েছে, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে ফিফা।
ফ্রান্স ও স্পেনের মধ্যকার এই ম্যাচটিতে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন এল সালভাদরের ৪৪ বছর বয়সী অভিজ্ঞ রেফারি ইভান বার্টন। কনকাকাফ অঞ্চলের নেশনস লিগ এবং গোল্ড কাপের মতো বড় টুর্নামেন্টগুলোতে নিয়মিত ম্যাচ পরিচালনার বিশাল অভিজ্ঞতা রয়েছে তার।
২০২২ সালের কাতার বিশ্বকাপে প্রথম রেফারি হিসেবে অভিষেক হওয়া বার্টনের এটি ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপ। চলতি আসরে ইতোমধ্যে ৩টি ম্যাচ অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন তিনি। মঙ্গলবারের সেমিফাইনালটি হতে যাচ্ছে এই বিশ্বকাপে তার চতুর্থ অ্যাসাইনমেন্ট।
চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে প্যারাগুয়ে বনাম তুরস্কের মধ্যকার ম্যাচে একটি ঐতিহাসিক ও সাহসী সিদ্ধান্ত নিয়ে ফুটবল মহলে বেশ আলোচনায় আসেন ইভান বার্টন। সেই ম্যাচে প্রথমার্ধের ইনজুরি টাইমে তুরস্কের মের্ত মুলদুরের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে হাত দিয়ে মুখ চেপে কিছু বলেছিলেন প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরন।
খেলোয়াড়দের মাঠের ভেতর ভাষাভিত্তিক অপব্যবহার বন্ধ করতে ফিফা এই বিশ্বকাপে নতুন একটি নিয়ম চালু করে। সেই নিয়ম অনুযায়ী মুখ লুকিয়ে প্রতিপক্ষকে কিছু বলা শাস্তিযোগ্য অপরাধ। আলমিরন মুখ লুকিয়ে কথা বলায় রেফারি বার্টন তাৎক্ষণিকভাবে ভিএআর রিভিউ দেখেন এবং আলমিরনকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। বিশ্বকাপের ইতিহাসে মুখ ডাকার অপরাধে লাল কার্ড পাওয়ার এটিই প্রথম ঘটনা ছিল।
সেমিফাইনালের এই গুরুত্বপূর্ণ ম্যাচে ইভান বার্টনকে মাঠ ও মাঠের বাইরে সহায়তার জন্য সহকারী রেফারি হিসেবে থাকছেন ডেভিড মোরান ও আন্তোনিও পুপিরো। তারা দুজনও এল সালভাদরের। চতুর্থ অফিশিয়াল হিসেবে থাকবেন গ্লেন নাইবার্গ। আর রিজার্ভ রেফারি মাহবোদ বেগি।
এমএমএম/

