অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের সিরিজ দিয়ে চার বছর পর ওয়ানডে দলে ফিরেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। এবার জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি স্কোয়াডেও ডাক পেয়েছেন তিনি। দীর্ঘদিন টি-টোয়েন্টি ক্রিকেটের বাইরে থাকা মোসাদ্দেক এবার দলের প্রয়োজনে অবদান রাখতে চান।
ওয়ানডে সিরিজ শেষে বুলাওয়েতে অবস্থান করছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে দল। সেখানেই মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ। ১৫ জুলাই প্রথম ম্যাচের আগে সেখানে অনুশীলন করছে টাইগাররা। বিসিবির প্রকাশিত আজ এক ভিডিও বার্তায় দলের প্রস্তুতি নিয়ে কথা বলেছেন টাইগার অলরাউন্ডার মোসাদ্দেক।
মোসাদ্দেক বলেছেন, ‘প্রত্যাশা তো নিজের প্রতি অনেক বেশি থাকবেই। যখন কামব্যাক করলাম একটা সিরিজে ভালো হয়েছে। দুই ম্যাচ ভালো করলাম। সেখান থেকে নিজের প্রতি প্রত্যাশা অনেক বেশি। আরও ভালো খেলতে হবে, দলের চাহিদা অনুযায়ী খেলতে হবে।’
কন্ডিশন নিয়ে মোসাদ্দেক বলেছেন, ‘হারারে থেকে একটু ভিন্ন কন্ডিশন এখানে। এখানকার বাতাসটা একটু বেশি। অবশ্যই লক্ষ্য থাকবে যখনই সুযোগ পাব খেলার, চেষ্টা থাকবে সেই ইমপ্যাক্টটা দলের জন্য রাখার। সেভাবে যেন দল জিততে পারে। সবসময় এটাই লক্ষ্য থাকে। ব্যক্তিগত লক্ষ্য বলতে এটাই যে, দলকে যেন জেতাতে পারি। দলের যখন দরকার, যখন যেরকম চাহিদা সেই সময়ে যেন আমি নিজেকে সেভাবে মেলে ধরতে পারি।’
এসএইচ/এইচজেএস
