World Cup Football Field

বিজ্ঞাপন

স্পেন-ফ্রান্স সেমিফাইনাল

সাবেক প্রধানমন্ত্রীর বিতর্কিত মন্তব্য এড়িয়ে ঐক্যের বার্তা দিলেন ইয়ামাল

সাবেক প্রধানমন্ত্রীর বিতর্কিত মন্তব্য এড়িয়ে ঐক্যের বার্তা দিলেন ইয়ামাল

ফুটবলের বিশ্বসেরা বেছে নিতে আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। ৪৮ দলের এই প্রতিযোগিতায় এখন কেবল চারটি দল টিকে আছে। যাদের দ্বৈরথ দেখতে মুখিয়ে আছে পুরো ফুটবলবিশ্ব। চলতি বিশ্বকাপের শীর্ষ ফেভারিটের তালিকায় থাকা স্পেন-ফ্রান্স অলিখিত ফাইনালে নামছে আজ (মঙ্গলবার) দিবাগত রাতে। এর আগে আগুনে ঘি ঢেলে বিতর্কের জন্ম দেন স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো র‌্যাহয়।

ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াডের প্রায় অধিকাংশই অভিবাসী, আরও বিশেষভাবে বললে বিভিন্ন আফ্রিকান দেশের বংশোদ্ভূত। সেটাকেই স্পেনের বিপক্ষে প্রথম সেমিফাইনালের আগে প্রতিপক্ষকে আক্রমণের বিষয়বস্তু করেছেন স্প্যানিশ রাজনীতিবিদ মারিয়ানো। তিনি বলছেন, ‘ফ্রান্স দুর্দান্ত দল হলেও সেখানে কোনো ফরাসি খেলোয়াড় নেই।’ সেই প্রসঙ্গ তোলা হয় স্প্যানিশ তরুণ তারকা লামিনে ইয়ামালের সামনে, বিতর্ক এড়িয়ে তিনি ফুটবলকে ঐক্যের মেলবন্ধন হিসেবে বেছে নিয়েছেন।

গতকাল (সোমবার) ১৯ বছরে পা দিয়েছেন ইয়ামাল। জন্মদিনে নিজেকে নিজে ‍উপহার দেওয়া গলায় ঝলমলে হীরার হার, পরিবারের দুষ্টুমিভরা মুহূর্ত আর সামনে জীবনের সবচেয়ে বড় ম্যাচ– বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে লড়াই। গণমাধ্যমের সঙ্গে আগের দেখায় ‘ফ্রান্সের ভয় পাওয়া উচিত’ মন্তব্য করলেও, ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কিছুটা সংযত ইয়ামাল। যার বাবা মরক্কান ও মা ইকুয়েটোরিয়াল গিনির বংশোদ্ভূত। 

ডালাসে সংবাদ সম্মেলনে ইয়ামাল বলেন, ‘আগামীকাল (আজ) আমরা দারুণ একটি ম্যাচ খেলব। ফুটবলের যদি কোনো উদ্দেশ্য থাকে, তাহলে সেটি হলো মানুষকে একত্রিত করা। ফ্রান্স ও স্পেন দুটি দেশই সমন্বয় ও অন্তর্ভুক্তির উদাহরণ। ফুটবলও সেটাই– অন্তর্ভুক্তি বা একীভূতকরণ। অন্য কেউ কী বলেছেন, তা নিয়ে কথা বলতে চাই না।’

ডালাসে হতে যাওয়া প্রথম সেমিফাইনাল নিয়ে যে যত কথাই বলুক, আসল কথা ফুটবল নৈপুণ্যেই হবে বলে বিশ্বাস এই স্প্যানিশ তারকার। ফ্রান্স-স্পেন উভয়ের আক্রমণ ও রক্ষণভাগ কতটা ভারসাম্যপূর্ণ সেই ইঙ্গিতই এলো ইয়ামালের কথায়, ‘এটা দারুণ একটি ম্যাচ হতে যাচ্ছে। সবাই এমন ম্যাচের অপেক্ষায় ছিল। দুই দলই আক্রমণ করবে, আবার রক্ষণও সামলাবে। নিশ্চিতভাবেই এটি খুবই সমান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে।’

বিশ্বকাপে স্পেনের অপ্রত্যাশিত আকর্ষণে পরিণত হয়েছে ইয়ামালের তিন বছর বয়সী ছোট ভাই কেইন। তার প্রসঙ্গ উঠতেই বিশ্বফুটবলের অন্যতম এই বড় তারকা বলেন, ‘আমার ভাই আসলে কিছুই বোঝে না। বাড়িতে যেমন থাকে, ঠিক তেমনই আচরণ করে। আর ক্যামেরা যখন ওর দিকে যায়, তখনই দুষ্টুমি শুরু করে। মানুষ ওকে পছন্দ করছে, এটা আমার ভালো লাগে। পর্দায় ওকে দেখতে মজাই লাগে।’

ইয়ামালের তারকাখ্যাতি নিয়ে কারও সন্দেহ নেই। তবে পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত মাত্র একটি গোল করেছেন তিনি। যদিও নিজের পারফরম্যান্স নিয়ে মোটেও চিন্তিত নন ইয়ামাল, ‘প্রতিটি টুর্নামেন্টই আলাদা। বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একটি গোল করেছি বলে আমি উদ্বিগ্ন নই। আমরা জিতছি। আমি এমন বিশ্বকাপও দেখেছি, যেখানে স্পেন বিদায় নিয়েছে। এবার এখন পর্যন্ত সেটা ঘটেনি। আশা করি আমরা আরও ম্যাচ খেলব, যাতে আমি আরও গোল করার সুযোগ পাই।’

এএইচএস