জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জয় তুলে নেয় বাংলাদেশ দল। তবে বল হাতে সেই ম্যাচে নিজের কোটার সব ওভার করেননি পেসার নাহিদ রানা। সেই ম্যাচে মাত্র ২.৩ ওভার করে বোলিং করেন, পরে জানা যায় তিনি মূলত চোটে পড়েছেন।
জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছিলেন, নাহিদ পর্যবেক্ষণে রয়েছেন। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে সাইড স্ট্রেইনের সেই চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে রানাকে।
এ দিকে আগামী মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ দল। সেখানে দুটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। আর সেই সিরিজে নাহিদ রানার খেলা অনিশ্চিত। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তবে নাহিদ রানার না খেলার সম্ভাবনাই বেশি!
অস্ট্রেলিয়া সফরে ৫ পেসার নিয়ে খেলতে যাবে টাইগাররা। নাহিদ রানা, শরিফুল ইসলাম ইনজুরিতে থাকায় কপাল খুলতে পারে পেসার মুশফিক হাসানের। বর্তমানে 'এ' দলের ক্যাম্পে রয়েছেন এই পেসার। এ ছাড়া তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদরা থাকতে পারেন অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে।
এসএইচ/এইচজেএস
