বিজ্ঞাপন

মাঠে বসে খেলা দেখতে মিরপুরে ক্রিকেটারদের জন্য ‘টাইগার্স ডেন’

মাঠে বসে খেলা দেখতে মিরপুরে ক্রিকেটারদের জন্য ‘টাইগার্স ডেন’

দেশের বিভিন্ন পত্রিকা, টিভি এবং অনলাইনের সম্পাদকদের সঙ্গে আজ মঙ্গলবার বৈঠক করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বৈঠক শেষে ঘুরে দেখান সাবেক ক্রিকেটারদের মাঠে বসে খেলা দেখার জন্য মিরপুরে প্রস্তুতকৃত লাউঞ্জ। ৯৫ শতাংশ প্রস্তুত হলেও এখনি খুলে দেওয়া হচ্ছে না টাইগার্স ডেন নামের এই লাউঞ্জ।

মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে অধিনায়করা ম্যাচের সময় এসে বসে খেলা দেখতে পারেন। তবে জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের জন্য এমন কোনো বিশেষ ব্যবস্থা ছিল না আগে। তাদের জন্যই বিশেষ এই লাউঞ্জ খোলার সিদ্ধান্ত নেন তামিম। মিরপুর স্টেডিয়ামের ম্যানুয়াল স্কোরকার্ডের পাশে তৈরী হয়েছে এই লাউঞ্জ।

এ প্রসঙ্গে তামিম বলেন, 'আমরা ক্রিকেটারদের জন্য টাইগার্স ডেন নামে লাউঞ্জটা করেছি। যেখানে আমাদের সকল নারী-পুরুষ ক্রিকেটার যারা বাংলাদেশকে একদিনের জন্যও প্রতিনিধিত্ব করেছেন তাদের জন্য একটা বসার ব্যবস্থা বা খেলার দিনে খেলা উপভোগ করার একটা ব্যবস্থা বা এমনিতে যেকোন দিন অফিস আওয়ারের মধ্যে উনারা এসে যদি তাদের সময় কাটাতে চান তাদের জন্য একটা ব্যবস্থা করে দেওয়া।' 

তামিম আরও যোগ করেন, 'আমি আগেও এটা বলেছি আমাদের যারা বর্তমান ও সাবেক ক্রিকেটার যারা আছেন বাংলাদেশের ক্রিকেটের সবাইকে ওউন করতে হবে। ওউন করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যেসব পদক্ষেপ নেওয়া দরকার হবে ইনশাআল্লাহ আমরা পদক্ষেপগুলো নিব। এটা আসলে জাতীয় ক্রিকেটারদের জন্য কিছু একটা করা। অধিনায়কদের জন্য আমরা জানি ক্যাপ্টেন্স বক্স আছে অনেক দিন ধরে। কিন্তু অন্য যারা ক্রিকেটার আছেন তাদের জন্য হয়ত কিছু ছিল না। এই কারণেই আমার ছোট একটা চেষ্টা।'

লাউঞ্জে ছবি টানানোর কাজ সম্পূর্ণ হলে খুলে দেয়া হবে জানালেন তামিম, 'আনুষ্ঠানিকভাবে আমরা এখনো এটা খুলে দিইনি। কিছু কিছু কাজ আমাদের এখনো বাকি আছে। আমাদের বড় বড় স্মৃতি যেগুলা ১৯৯৭ বলতে পারেন, নারী এশিয়া কাপ জয় বলতে পারেন, প্রথম টেস্ট জয় বলতে পারেন। কিছু কিছু স্মৃতি এখানে আমরা রাখতে চাই। ওই জিনিসগুলো যখন প্রস্তুত হয়ে যাবে তখন ক্রিকেটারদের সাথে এটা খুলে দেওয়া হবে। ৯৫ শতাংশ প্রস্তুত, ছবিগুলো লাগানো হলে আমরা আনুষ্ঠানিকাভাবে খুলে দিব।'

এসএইচ/এইচজেএস