বিজ্ঞাপন

ইচ্ছাকৃত নো বলসহ ৫ নিয়মে পরিবর্তন এনেছে ভারত

ইচ্ছাকৃত নো বলসহ ৫ নিয়মে পরিবর্তন এনেছে ভারত

কিছুদিন পরই শুরু হচ্ছে ভারতের ঘরোয়া ক্রিকেটের নতুন মৌসুম। তার আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন এনেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। যদিও বোর্ড আনুষ্ঠানিকভাবে এগুলোকে ‘নিয়ম পরিবর্তন’ হিসেবে উল্লেখ করেনি, তবুও গত মৌসুমের তুলনায় এবারের প্রতিযোগিতাগুলোতে বেশ কিছু নতুন বিধান কার্যকর হতে যাচ্ছে।

সবচেয়ে আলোচিত পরিবর্তনটি এসেছে ইচ্ছাকৃত নো বলের ক্ষেত্রে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো বোলার ইচ্ছাকৃতভাবে নো বল করলে তাকে আর শুধু একটি ইনিংস নয়, পুরো ম্যাচ থেকেই বোলিং নিষিদ্ধ করা হবে।

সম্প্রতি ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) বেশ কিছু আইন সংশোধন করেছে। সেই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখেই নতুন নির্দেশনা জারি করেছে বিসিসিআই।

বিসিসিআইয়ের পক্ষ থেকে নতুন নির্দেশনা ইতোমধ্যে রাজ্য ক্রিকেট সংস্থাগুলোর কাছে পাঠানো হয়েছে। তারা আম্পায়ার ও ম্যাচ রেফারিদের বিষয়গুলো অবহিত করেছে। নতুন নিয়মগুলোর ব্যাখ্যা ও প্রয়োগ নিয়ে আলাদা বৈঠক আয়োজনের পরিকল্পনাও করছে কয়েকটি রাজ্য সংস্থা।

১. ইচ্ছাকৃত নো বলের শাস্তি আরও কঠোর

আগে কোনো বোলার ইচ্ছাকৃতভাবে ওভার স্টেপিংয়ে নো বল করলে তাকে সংশ্লিষ্ট ইনিংস থেকে সরিয়ে দেওয়া হতো। এখন থেকে এমন ঘটনা ঘটলে সেই বোলার পুরো ম্যাচেই আর বল করতে পারবেন না। নো বলটি ইচ্ছাকৃত ছিল কি না, সেই সিদ্ধান্ত নেবেন ম্যাচের আম্পায়ার।

২. দিনের শেষ ওভারে উইকেট পড়লেও খেলা চলবে

এতদিন দিনের খেলার শেষ ওভারে উইকেট পড়ে গেলে অনেক ক্ষেত্রে সঙ্গে সঙ্গেই দিনের খেলা শেষ ঘোষণা করা হতো। বিশেষ করে ব্যাটিং দলের সুবিধার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত দেখা যেত। নতুন নিয়ম অনুযায়ী, শেষ ওভারের সব বল সম্পন্ন করতেই হবে। উইকেট পড়লে নতুন ব্যাটার নামবেন এবং বাকি বলগুলো খেলতে হবে।

৩. ফল না হওয়ার সম্ভাবনা থাকলেও পুরো খেলা চালিয়ে যেতে হবে

ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা প্রবল হলে অনেক সময় চতুর্থ ইনিংস আগেভাগে ঘোষণা করা হতো কিংবা খেলানোই হতো না। বিসিসিআই এখন সেই প্রথা বন্ধ করেছে। নতুন নিয়মে নির্ধারিত সময়ের পুরো খেলাই সম্পন্ন করতে হবে। বোর্ডের মতে, আগের নিয়ম ক্রিকেটের প্রতিযোগিতামূলক চেতনার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ ছিল না।

৪. ওয়ানডেতে পানিপান বিরতির সময় মাঠে প্রবেশ করতে পারবেন কোচ

ঘরোয়া এক দিনের ক্রিকেটে এখন থেকে পানি পানের বিরতির সময় কোচ মাঠে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে পারবেন। আন্তর্জাতিক ক্রিকেটেও সম্প্রতি একই নিয়ম চালু করেছে আইসিসি।

৫. উইকেটকিপারের গ্লাভস নিয়ে নিয়মে পরিবর্তন

আগের নিয়ম অনুযায়ী, বোলার রান-আপ শুরু করার মুহূর্ত থেকেই উইকেটকিপারের গ্লাভস স্টাম্পের পেছনে থাকতে হতো। অন্যথায় নো বল দেওয়া হতো। নতুন নিয়মে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। এখন বোলার বল ছাড়ার ঠিক আগে গ্লাভস স্টাম্পের পেছনে থাকলেই হবে।

এইচজেএস