আগামী মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ। যেখানে ২০০৩ সালের পর তারা টেস্ট সিরিজ খেলবে। দুই টেস্টের এই সিরিজের জন্য নাজমুল হোসেন শান্তদের দল ঘোষণা হয়নি। তবে চোটের কারণে লিটন দাস ও নাহিদ রানার অস্ট্রেলিয়া সিরিজ এখনও অনিশ্চিত। নতুন করে ওই সফর থেকে ছুটি নিয়েছেন পেসার এবাদত হোসেন।
আসন্ন সিরিজকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই দলে প্যাট কামিন্স,, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও স্টিভেন স্মিথদের মতো তারকারা আছেন।অ্যাশেজ সিরিজ খেলা সব ক্রিকেটারই রয়েছেন এই সিরিজে। সেক্ষেত্রে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে চ্যালেঞ্জিং একটি লড়াই।
এর আগে টাইগারদের দুই তারকা ক্রিকেটার নিয়ে শঙ্কা জেগেছে। নাহিদ রানা এবং লিটন দাসের ইনজুরি থাকায় অস্ট্রেলিয়া সিরিজে তাদের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বর্তমানে চিকিৎসা নিতে সিঙ্গাপুরে রয়েছেন লিটন, সেখানে স্ক্যান রিপোর্ট দেখে এরপর বাকি সিদ্ধান্ত নেওয়া হবে তাকে নিয়ে। জানা গেছে, তাকে নিয়ে বড় কোনো শঙ্কা নেই। ইনজুরি নিয়ে জিম্বাবুয়ে থেকে ফেরা নাহিদ রানাকে নিয়েও সিদ্ধান্ত একপ্রকার নিশ্চিত।
যতটুকু খবর প্রথম টেস্টে একাদশে না থাকলেও শেষ টেস্টে থাকবেন। দলের সবার সঙ্গে যাবেন অস্ট্রেলিয়াতে। এরমধ্যে অস্ট্রেলিয়া সফর থেকে ছুটি নিয়েছেন পেসার এবাদত হোসেন। নতুন বাবা হতে যাওয়া এই ক্রিকেটার পরিবারের পাশে থাকতে ছুটি নিয়েছেন। অস্ট্রেলিয়া সফরে ৫ পেসার নিয়ে খেলতে যাবে টাইগাররা।
শরিফুল ইসলাম ইনজুরিতে, এবাদত থাকছেন না। যে কারণে কপাল খুলতে যাচ্ছে পেসার মুশফিক হাসানের। বর্তমানে ‘এ’ দলের ক্যাম্পে রয়েছেন এই পেসার। সেখান থেকে যোগ দেবেন জাতীয় দলের সঙ্গে। এ ছাড়া তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, এহসান মাহমুদরা থাকবেন অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে। আগামী সপ্তাহের প্রথম দিকে এই সিরিজের দল ঘোষণা করবে বিসিবি।
আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্ট দিয়ে সিরিজটি শুরু হবে। এরপর ২২ আগস্ট ম্যাকাইতে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে এটি বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ হতে যাচ্ছে। যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
এসএইচ/এএইচএস
