জাতীয় দলের হয়ে সবশেষ জিম্বাবুয়ে সফরে টেস্ট সিরিজ খেলেছিলেন হাসান মাহমুদ। এরপর শ্রীলঙ্কায় গিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজি লিগ এলপিএলে খেলতে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নজর এখন আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে। দুই টেস্টের ওই লড়াইকে সামনে রেখেই হাসানকে শ্রীলঙ্কা থেকে ফিরিয়ে আনা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। শ্রীলঙ্কায় চলমান এলপিএলে কলম্বো ক্যাপসের হয়ে খেলছিলেন হাসান মাহমুদ। এ টুর্নামেন্ট চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত। এর আগে পুরো আসরের জন্য হাসানকে এনওসি দেওয়া হয়েছিল। তার আগে ৩ আগস্ট শেষ হবে রাউন্ড-রবিন লিগের খেলা। ৪ আগস্ট থেকে ৮ আগস্ট চলবে নকআউট পর্ব।
নির্ধারিত সময়ের আগেই বিসিবির নির্দেশে দেশে ফিরিয়ে আনা হচ্ছে হাসান মাহমুদকে। ডানহাতি এই পেসার আগামী ১ আগস্ট জাতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাবেন। যদিও এখনও স্কোয়াড ঘোষণা করা হয়নি। মূলত অস্ট্রেলিয়া টেস্টের আগে হাসানকে ফিট রাখতেই বাড়তি সতর্কতা বিসিবির। দুয়েক দিনের মধ্যেই তিনি দেশে ফিরবেন।
এদিকে, হাসান মাহমুদ ফিরে আসলেও নতুন করে খেলতে যাচ্ছেন রিপন মন্ডল। জাফনা কিংসের হয়ে মাঠ মাতাবেন এই পেসার। শিগগিরই তার শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে।
এসএইচ
