বিসিবি নির্বাচনে সভাপতি হওয়ার পরপরই নতুন কিছু সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল। সেই ধারাবাহিকতায় দেশজুড়ে ক্রিকেটের উন্নয়নে জেলা পর্যায়ে পরীক্ষার মাধ্যমে কোচ নিয়োগ দিচ্ছে বিসিবি। এজন্য অবশ্য নির্দিষ্ট কিছু যোগ্যতা থাকতে হবে। সেসব মেনে জেলা কোচ হতে সবমিলিয়ে আবেদন পড়েছিল ২১৮টি। আর এখন টিকে আছেন ৩৯ জন।
গেল বুধবার ঢাকায় আবেদনকৃত কোচদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। যেখানে ১৭০ জনের মতো পরীক্ষা দিয়ে পাস করেছেন ৩৯ জন। এরপর গতকাল অনুষ্ঠিত হয় প্রাকটিক্যাল এবং মৌখিক পরীক্ষা। স্বচ্ছতা রাখতে ভাইভার পুরো রেকর্ড রাখার কথা জানা গেছে।
তবে রেজাল্ট কবে প্রকাশিত সেটি এখনও জানা যায়নি। কোচ হতে ইচ্ছুক ৩৯ জনের মধ্যে কয়েকজন বাদ যেতে পারেন বলে জানা গেছে। কোচের পদ শূন্য থাকা সাপেক্ষে নতুন করে আবারও সার্কুলার দেবে বিসিবি।
পরীক্ষায় দায়িত্ব পালন করছেন বিসিবির তিন কোচ মোহাম্মদ সালাউদ্দিন, সোহেল ইসলাম এবং মিজানুর রহমান বাবুল। টাঙ্গাইল, রাজবাড়ী, কক্সবাজার, খাগড়াছড়ি ও সুনামগঞ্জ বাদে দেশের বাকি ৫৯টি জেলা এবং ঢাকা মেট্রোর দুটি ইউনিটের জন্য কোচ নিয়োগ দেওয়ার কথা ছিল বোর্ডের। চাকরির ধরন চুক্তিভিত্তিক, যার মেয়াদ ২ বছর।
তবে দুই পক্ষের সম্মতিতে চুক্তি নবায়নযোগ্য হবে। এরমধ্যে আবেদনকারীদের অবশ্যই লেভেল-১ কোচিং সনদধারী অথবা প্রথম শ্রেণির ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া যে জেলার জন্য আবেদন করবেন তাকে হতে হবে সেখানকার স্থায়ী বাসিন্দা।
এসএইচ/এএইচএস
