বিজ্ঞাপন

কাউন্টি খেলার অভিজ্ঞতা অস্ট্রেলিয়া সিরিজে কাজে লাগাতে চান হাসান

কাউন্টি খেলার অভিজ্ঞতা অস্ট্রেলিয়া সিরিজে কাজে লাগাতে চান হাসান

সর্বশেষ লঙ্কা প্রিমিয়ার লিগে খেলেছেন হাসান মাহমুদ। তার আগে ইংল্যান্ডে কাউন্টিতে খেলেছেন তিনি। সেখানে লাল ও সাদা দুই বলেই খেলেছেন। ফলে সেই অভিজ্ঞতা আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে কাজে লাগাতে চান এই পেসার।

আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে হাসান বলেন, 'কন্ডিশন খুব কাছাকাছি। ডারউইনের আবহাওয়া বাংলাদেশের মতো অনেকটা। একটু গরম আছে। পিচ থেকে হেল্প পাব। পেস বোলার হিসেবে মুভমেন্ট, বাউন্স পাব। পেস বোলারদের জন্য অনেক কিছু আছে যদি আমাদের প্রসেসে থাকি এবং ভালো শুরু করি।' 

কাউন্টি খেলার অভিজ্ঞতা নিয়ে হাসান বলেন, 'যখন একটা দলের হয়ে ভালো করবেন এবং পরের বছরও আপনাকে চাইবে, একজন স্পোর্টসম্যান হিসেবে অনেক ভালো অনুভূতি এটা। তাদের সংস্কৃতি, ক্রিকেট সবই আমাকে ভালো অভিজ্ঞতা এনে দিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে এটা ভালো কাজে দেবে।'

অস্ট্রেলিয়া সফর নিয়ে নিজের পরিকল্পনা জানাতে গিয়ে হাসান বলেন, 'আমার প্ল্যানের কথা বললে, চাইব নিজের সেরাটা দিয়ে খেলতে। কাউন্টিতে যেভাবে শুরু করেছি, সেই ধারাবাহিকতা রেখে বল করি, দলের জন্য উইকেট নিই, অবদান রাখি।'

'১০-১১ বছর পর অস্ট্রেলিয়ার সাথে টেস্ট। এবার আবার ওদের মাটিতে। আমার জন্য অনেক ইম্পরট্যান্ট ম্যাচ। সবার স্বপ্ন থাকে দেশের বাইরের টেস্ট ভালো পারফর্ম করা, জয় নিয়ে আসা। সেটা সবার স্বপ্ন থাকবে, চেষ্টা থাকবে, টুর্নামেন্ট আমাদের করে নেওয়ার।'-যোগ করেন তিনি।

এসএইচ/এইচজেএস