অস্বস্তির গরমের পর ভোগান্তির বৃষ্টি

নারী এশিয়ান কাপে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর কোরিয়া ও চীনের মতো হেভিওয়েটরা। অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছানোর পর থেকে ঋতুপর্ণা-আফিদাদের আরেকটি অলিখিত প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে গরম আবহাওয়া। বাংলাদেশে এখন শীতের শেষে হালকা গরম সেখানে সিডনিতে দুপুর-বিকেলে তীব্র রোদের তাপে বেশ অস্বস্তিতে পড়েন ফুটবলাররা।
সিডনি থেকে বাফুফের পাঠানো ভিডিও বার্তায় আলপি আক্তার, আনিকাসহ সবাই ঘুরে ফিরে গত চার দিন ধরে গরমে অস্বস্তির বিষয়টি উল্লেখ করেছিলেন।
নারী এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট কাভার করতে অস্ট্রেলিয়া সময় রাত পৌনে নয়টায় পৌঁছাই। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে দশটার দিকে শহরের দিকে যাওয়ার পথে গাড়িতে শীতল বাতাস। বাংলাদেশি প্রবাসী আরিফ ভাই গাড়ি ড্রাইভ করতে করতে বলছিলেন, ‘আপনারা বেশ সৌভাগ্যবান। সিডনিতে কয়েক বছর ধরে রয়েছি এবার অনেক গরম পড়ছে। আজ বিকেল থেকে আবহাওয়া একটু শীতল।’
বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া পাঁচ ঘণ্টা এগিয়ে। সিডনিতে সেহরী সময় ভোররাত পাঁচটা। ভ্রমণক্লান্তিতে সেহরী খেয়ে কয়েক ঘণ্টা ঘুমিয়ে উঠে দেখা গেল সিডনির আকাশ মেঘাচ্ছন্ন। এরপর থেকে টানা বৃষ্টি। কখনো গুড়ি গুড়ি, কখনো আবার মুষলধারে। দুপুরের পর রাত পর্যন্ত বৃষ্টি চলছেই। শুধু বৃষ্টিই নয়, হিম বাতাসে কাপন ধরার মতো অবস্থা। রাস্তায় বের হয়ে শীতের কাপনে যেন জুবুথুবু অবস্থা হওয়ার মতো।

বাংলাদেশ দল গতকাল অস্ট্রেলিয়ার স্থানীয় ক্লাবের সঙ্গে ম্যাচ খেলেছিল। আজ মাঠের অনুশীলন ছিল না। শুধু সুইমিং করেছেন। এশিয়ান কাপে বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার সাঈদ হাসান বলেন, ‘এত দিন গরমে হাসফাস ছিল। আজকের আবহাওয়া একেবারে ভিন্ন। বৃষ্টিতে বেশ ঠান্ডা। আবহাওয়ার এই তারতম্যতায় চিকিৎসক খেলোয়াড়দের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখছেন।’
বাংলাদেশ দল ২০ ফেব্রুয়ারি মধ্যরাতে সিডনি এসে পৌঁছায়। ভ্যালেনটাইন্স স্পোর্টস পার্কে ক্যাম্প ও অনুশীলন করছে গত ছয় দিন। আগামীকাল থেকে টুর্নামেন্টের টিম হোটেলে উঠবেন ঋতুপর্ণারা। ১ মার্চ থেকে টুর্নামেন্ট আনুষ্ঠানিকভাবে শুরু হবে তাই তিন দিন আগে থেকেই এএফসি’র ব্যবস্থাপনায় অনুশীলন সূচি ও অন্যান্য বিষয় তদারকি হবে।
অস্ট্রেলিয়ায় বাংলাদেশি প্রবাসীদের অধিকাংশের বসবাস লাকাম্বায়। ইফতারের সময় সেখানে ঢাকার মতোই রাস্তায় বাহারি খাবারের পসরা বসে। আজকের বেরসিক বৃষ্টিতে অনেক দোকানই ছিল বন্ধ। ইফতারের সময়ও বৃষ্টি থাকায় ভোগান্তি হয়েছে ব্যাপক। ইংল্যান্ডের আবহাওয়া নিয়ে বিশ্ব জুড়েই নানা রসিকতা রয়েছে। সিডনির আবহাওয়াও নাকি অনেকটা সেই রকমই। কখনো কড়া রোদ, আবার এক পশলা বৃষ্টি, আবার বৃষ্টির ফাকে রোদের হাসি!
এজেড/এইচজেএস