মধ্যপ্রাচ্যে সংঘাত : এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ স্থগিত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনেও। সেই ধারাবাহিকতায় আগামী দু’দিনের (সোমবার ও মঙ্গলবার) এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিটের ম্যাচ স্থগিত করেছে মহাদেশীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা এএফসি। নতুন সূচি পরে ঘোষণা করা হবে।
আজ (রোববার) এক বিবৃতিতে এশিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, ‘তাৎক্ষণিকভাবে আমরা পরিবর্তিত পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছি এবং পাশাপাশি খেলোয়াড়, দল, কর্মকর্তা ও সমর্থকদের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর।’ সংযুক্ত আরব আমিরাত ও কাতারে রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগের চারটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যেখানে খেলার কথা ছিল স্বাগতিক দেশ, সৌদি আরব ও ইরানের দলগুলো।
সোমবার কাতারে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সৌদি আরবের ক্লাব আল-আহলি ও স্বাগতিক ক্লাব আল-দুহাইল মুখোমুখি হতো। একইদিন সংযুক্ত আরব আমিরাতের শাবাব আল-আহলি নিজেদের মাঠে আতিথ্য দিত ইরানের ট্রাক্টর এফসিকে। পরবর্তীতে মঙ্গলবার কাতারের আল-সাদ ও সৌদি আরবের আল-হিলাল এবং সংযুক্ত আরব আমিরাতের আল-ওয়াহদা মুখোমুখি হওয়ার কথা ছিল সৌদি আরবের আল-ইত্তিহাদের।

এদিকে, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ২–এর কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলোও স্থগিত করা হয়েছে। মঙ্গলবার কাতারের আল-আহলি নিজেদের মাঠে জর্ডানের আল-হুসেইনকেকে আতিথ্য দেওয়ার কথা ছিল। এ ছাড়া বুধবার পূর্বনির্ধারিত আরব আমিরাতের আল-ওয়াসল ও সৌদি আরবের আল-নাসরের ম্যাচও মাঠে গড়াবে না। তবে এই দুই প্রতিযোগিতার পূর্বাঞ্চলীয় অংশের ম্যাচগুলো নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, গতকাল (শনিবার) যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালানোর পর থেকে পুরো মধ্যপ্রাচ্যে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। যৌথ হামলার জবাবে সংযুক্ত আরব আমিরাত, কাতার ও সৌদি আরবসহ মার্কিন ঘাটি থাকা বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইরান। উদ্ভুত পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কায় বন্ধ রয়েছে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ বিমানবন্দর।
এএইচএস