উত্তর কোরিয়ার তিন ‘গোল’ বাতিলের পর দুই গোলে পিছিয়ে বাংলাদেশ

প্রথমার্ধের নির্ধারিত সময় শেষ। বাংলাদেশ ও উত্তর কোরিয়ার ম্যাচের স্কোরলাইন ০-০। ছয় মিনিট ইনজুরি সময়ে উত্তর কোরিয়া দুই গোল করে। তাতে হাফটাইমের আগে ২-০ গোলে পিছিয়ে বাংলাদেশ।
নারী এশিয়ান কাপে সবচেয়ে ভালো ফিফা র্যাংকিং উত্তর কোরিয়ার। আর সবচেয়ে বেশি (১১২) র্যাংকিং বাংলাদেশের। দুই দলের মধ্যে র্যাংকিংয়ে ব্যবধান ১০৩। বিস্তর ব্যবধান থাকলেও বাংলাদেশ প্রথম ৪৫ মিনিটে ভালোই খেলছিল। ইনজুরি সময়ে ডিফেন্ডারদের ভুল ও খানিকটা মনোসংযোগে দুই গোল হজম করে।
প্রথমার্ধে উত্তর কোরিয়া বাংলাদেশের জালে ৫ বার বল পাঠিয়েছিল। তিনবারই ভিএআরে গোল বাতিল হয়েছে। নারী এশিয়ান কাপে ভিএআর প্রযুক্তি রয়েছে। এই প্রযুক্তির জন্য বাংলাদেশের পক্ষে চারটি সিদ্ধান্ত যাওয়ায় পরাজয়ের ব্যবধান কম হয়েছে। আজ ম্যাচের ১৪ মিনিটে উত্তর কোরিয়ার গোলটি হ্যান্ডবলে বাতিল হয়। এর কয়েক মিনিট পর বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার বল হাত দিয়ে ধরেন। সেই বল শট করে জালে পাঠান কোরিয়ান ফুটবলার। ভিএআরে সেটা ফাউল ধরায় সেটাও বাতিল হয়। এরপর সহকারি রেফারি অফ সাইড দেওয়ায় আরেক গোল বাতিল হয়। ভিএআরেও সেটা অফ সাইড বিবেচনা করেছে।
বাংলাদেশ আজ খানিকটা আক্রমণাত্মক মনোভাবে খেলা শুরু করে। এতে উত্তর কোরিয়া বেশি আক্রমণের সুযোগ পায়। ভিএআর ছাড়াও ভাগ্যও অনেকক্ষণ সহায় ছিল শক্তিশালী দলের। ৩৫ মিনিটে একটি শট ক্রসবারে লেগে ফেরত আসে। বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার কয়েকটি দারুণ সেভও করে।
বাংলাদেশ চীনের বিপক্ষে কয়েকটি প্রতি আক্রমণ করেছিল। আজকের ম্যাচে চীনের বক্সে সেভাবে বল নিতে পারেনি বাংলাদেশ। শট অন কিংবা অফ কোনো শটই নিতে পারেনি বাংলাদেশ। ঋতুপর্ণা চাকমা অনেক মার্কড ছিলেন। এরপরও বল পেয়ে কয়েকবার তিনি ছোট ঝলক দেখিয়েছেন।
ইনজুরি সময়ের ছয় মিনিট খানিকটা এলেমেলো বাংলাদেশ। অধিনায়ক আফিদা খন্দকার বক্সের মধ্যে কোরিয়ান ফুটবলারকে জার্সি ধরে টেনে ফেলে দেন। রেফারি কাছ থেকে ঘটনা দেখায় পেনাল্টির নির্দেশ দেন। গোলরক্ষক মিলি বল আটকানোর কোনো সুযোগই পাননি। দুই মিনিট পর আবার ডিফেন্সের ভুলে বক্সের কাছ থেকে শটে ব্যবধান দ্বিগুণ করে উত্তর কোরিয়া।
বাংলাদেশ প্রথমার্ধে তিনটি পরিবর্তন করে। গত ম্যাচে বদলি হিসেবে খেলা আনিকা ও স্বপ্না এবার প্রথমার্ধেই নামেন। উমহেলা একাদশে থাকলেও আজ প্রথমার্ধের শেষের দিকে নামেন। একাদশে ফেরা তহুরা ও আইরিন ম্যাচে ৪৫ মিনিটের বেশি সময় স্থায়ী হতে পারেননি।
এজেড/এফএইচএম