ঋতুপর্ণা-মনিকাকে নিয়ে আলাদা পরিকল্পনা উজবেকিস্তানের

উজবেকিস্তান ঠান্ডা প্রধান দেশ। অস্ট্রেলিয়ার পার্থে এখন অনেক গরম। আগামীকাল পার্থে বাংলাদেশ - উজবেকিস্তান ম্যাচ বিকেল পাঁচটায়। ঐ সময় গরম আবহাওয়া থাকবে। শীতপ্রধান দেশ হলেও কালকের ম্যাচের আবহাওয়া নিয়ে উদ্বিগ্ন নন উজবেকিস্তান কোচ৷
আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে উজবেক কোচ কুলবায়েত বলেন, 'আমি মনে করি আবহাওয়া দুই দলের জন্যই সমান। আমরা একই কন্ডিশনে খেলছি। অবশ্যই উজবেকিস্তানে গ্রীষ্মকালে বেশ গরম থাকে, কিন্তু এখন সেখানে শীতকাল চলছে, তাই এখানকার তুলনায় সেখানকার তাপমাত্রা অনেক কম। হ্যাঁ, এটি পারফরম্যান্সে কিছুটা প্রভাব ফেলবে, তবে আমি যেমনটা বলেছি—এই আবহাওয়া দুই দলের জন্যই সমান।'
উত্তর কোরিয়ার বিপক্ষে উজবেকিস্তানের গোলরক্ষক আহত হয়৷ ইনজুরি ও সাসপেনশেনর জন্য উজবেকিস্তানের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় বাংলাদেশের ম্যাচে নেই। এ নিয়ে কোচ বলেন, 'আমরা প্রথম দুটি ম্যাচ খেলেছি, কিন্তু তার মানে এই নয় যে সেই খেলোয়াড়দের বিকল্প নেই। আমাদের ২৬ জন খেলোয়াড় আছে যারা সবাই খেলার জন্য প্রস্তুত। এমনকি টুর্নামেন্ট শুরুর আগেই আমরা পরিকল্পনা করে রেখেছিলাম কোন ম্যাচে কোন খেলোয়াড় খেলবে। এশিয়ান কাপের আগে আমাদের প্রীতি ম্যাচগুলোতেও আমরা সেটা পরখ করেছি। তাই বিকল্প খেলোয়াড় আছে এবং সবাই আগামীকালকের জন্য প্রস্তুত।'
কোরিয়া, চীনের মতো ঋতুপর্ণা, মনিকা চাকমার গতি উজবেকিস্তান কোচেরও নজর কেড়েছে। বাংলাদেশ দল ও খেলোয়াড় নিয়ে তার পর্যবেক্ষণ, 'আমি তাদের খেলা দেখেছি, তাদের কিছু দ্রুতগতির খেলোয়াড় আছে, বিশেষ করে আক্রমণভাগে। বাংলাদেশ একটি তরুণ দল এবং তাদের অনেক সম্ভাবনা আছে। আপনি যেমনটা বললেন, তাদের গোলকিপার চমৎকার খেলছে। মাত্র ১৯ বছর বয়সে সে গোলপোস্টের নিচে খুবই সাহসী। তার জন্য অনেক অভিনন্দন। তাদের আক্রমণভাগেও বেশ কিছু ভালো খেলোয়াড় আছে। তবে দিনশেষে আমরা নিজেদের ওপর বেশি গুরুত্ব দিচ্ছি। আমাদের নিজেদের পরিকল্পনা অনুযায়ী মাঠে সেরাটা খেলতে হবে। অন্যদের নিয়ে খুব বেশি ভাবার প্রয়োজন নেই।'
উজবেকিস্তান বাংলাদেশকে হারালে কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনা তৈরি হবে। এ নিয়ে কোচের মন্তব্য, 'আমাদের জন্য এটি সহজ ম্যাচ হবে না, কারণ এশিয়ান কাপে কোনো ম্যাচই সহজ নয়। আমাদের লক্ষ্যের কথা বললে, অবশ্যই আমরা জেতার জন্যই মাঠে নামব। আর গাণিতিক সমীকরণের কথা বললে, সেটা এখন বলা কঠিন কারণ অন্য গ্রুপগুলোতেও অনেক খেলা বাকি। আজ 'এ' গ্রুপের খেলা আছে, আমাদের পর 'সি' গ্রুপের খেলা। যেকোনো কিছু ঘটতে পারে। এখন পয়েন্ট টেবিলের দিকে তাকানো যাবে।'
এজেড/এইচজেএস