একস্ট্রাকলাসা: এক পাগলাটে লিগ, যেখানে ১৭টি দলই হতে পারে চ্যাম্পিয়ন

ফুটবল বিশ্বে সাধারণত লিগের শেষ দিকে এসে চ্যাম্পিয়ন কে হবে তা মোটামুটি পরিষ্কার হয়ে যায়। কিন্তু পোল্যান্ডের একস্ট্রাকলাসা লিগ এবার পাল্টে দিয়েছে সব হিসাব-নিকাশ। লিগের ১৮টি দলের মধ্যে ১৭টি দলই তাত্ত্বিকভাবে এখনো শিরোপা জেতার দৌড়ে টিকে আছে। একে ফুটবল বোদ্ধারা অভিহিত করছেন ‘অ্যাবসলিউট সিনেমা’ হিসেবে।
বিজ্ঞাপন
লিগের ২৫তম রাউন্ড শেষে (মোট ৩৪ রাউন্ড) টেবিলের যা অবস্থা, তাতে যে কেউ অবাক হতে বাধ্য হবেন। বর্তমানে জাগুয়েম্বিয়ে লুবিন, ইয়াগিয়েলোনিয়া বিয়াউইস্তক এবং লেস পোজনান- এই তিনটি দলই ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের এক, দুই এবং তিন নম্বরে অবস্থান করছে।
১ নম্বর দল (৪১ পয়েন্ট) থেকে ১৭ নম্বর দল (২৮ পয়েন্ট) এর ব্যবধান মাত্র ১৩ পয়েন্ট। অথচ লিগের এখনো ৯টি ম্যাচ (অর্থাৎ ২৭ পয়েন্ট) বাকি। এর মানে হলো, তলানির দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা দলটি যদি তাদের বাকি সব ম্যাচ জেতে এবং শীর্ষ দলগুলো হোঁচট খায়, তবে তারাও চ্যাম্পিয়ন হতে পারে।
পোলিশ লিগের নিয়ম অনুযায়ী শীর্ষ দলটি চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বে এবং দ্বিতীয় ও তৃতীয় দল কনফারেন্স লিগে জায়গা পায়। বর্তমানে ৪ থেকে ৭ নম্বর অবস্থানে থাকা গর্নিক জাব্রেজ (৩৮), রাকুফ (৩৭), ভিসুয়া পুয়ৎস্ক (৩৬) এবং জিকেএস কাতোভিৎস (৩৬) সবাই ইউরোপীয় মঞ্চে জায়গা পাওয়ার জন্য তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছে।
বিজ্ঞাপন
পোল্যান্ডের সবচেয়ে সফল এবং জনপ্রিয় ক্লাব লেগিয়া ওয়ারশ বর্তমানে এক ঐতিহাসিক সংকটের মুখোমুখি। টেবিলের ১৬ নম্বরে থাকা এই দলটি রেলিগেশন জোনে রয়েছে। অথচ তারা শীর্ষে থাকা লুবিন থেকে মাত্র ১২ পয়েন্ট পিছিয়ে।
দলের ভাগ্য ফেরাতে গত ডিসেম্বরে বর্তমান চ্যাম্পিয়ন রাকুফ থেকে অভিজ্ঞ কোচ মারেক পাপসুনকে আনা হয়েছিল। কিন্তু এখনো দল রেলিগেশন জোন থেকে বের হতে পারেনি। তবে লিগ টেবিল এতটাই ঠাসা যে, আগামী দুই ম্যাচে জয় পেলে তারা অনায়াসেই টেবিলের সাত বা আট নম্বরে উঠে আসতে পারে।
এমএমএম/