ভুল পায়ে চিকিৎসার অভিযোগ অস্বীকার করলেন এমবাপে

চোটের কারণে সাড়ে তিন সপ্তাহ মাঠের বাইরে ছিলেন রিয়াল মাদ্রিদের ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে। সম্প্রতি দুই ম্যাচে তিনি দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। এদিকে, ফ্রান্সের বিভিন্ন গণমাধ্যমের খবর, রিয়ালের মেডিক্যাল টিমের ভুল চিকিৎসার কারণেই এমন দুর্ভোগ পোহাতে হয়েছে তাকে। বাঁ হাঁটুতে চোট পেলেও ডান হাঁটুর স্ক্যান করেন তারা। তুমুল শোরগোল ফেলে দেওয়া সেই বিষয়ে এমবাপে মুখ খুলেছেন।
বিজ্ঞাপন
আজ (বৃহস্পতিবার) দিবাগত রাত ২টায় ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে নামবে ফ্রান্স। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ফরাসি অধিনায়ক এমবাপে বলেছেন, ‘প্রতিবেদনে যে ভুল হাঁটু পরীক্ষা করার কথা বলা হয়েছে– এটি সম্পূর্ণ মিথ্যা। এই পরিস্থিতির জন্য হয়তো পরোক্ষভাবে আমিও দায়ী। আসলে কী ঘটেছে তা যদি আপনি পরিষ্কারভাবে না জানান, তখন নিজেদের মতো করে ভিন্ন ব্যাখ্যা করার সুযোগ তৈরি হয়।’
জানুয়ারি মাসজুড়ে এমবাপে খেলেছেন, এরপর তিনি সাড়ে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যান। এরপর দলে ফিরেছেন সম্প্রতি। মাঝে গত ডিসেম্বরের শেষদিকে রিয়াল জানিয়েছিল, এমবাপের বাম হাঁটুতে মচকে গেছে। ওই সময়ে নিজের দেশেও ভ্রমণে যেতে দেখা যায় ফরাসি তারকাকে। যদিও স্বাভাবিকভাবেই এই তারকা ফুটবলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ছিল স্প্যানিশ ক্লাবটির। এমবাপে বলেন, রিয়াল মাদ্রিদের সঙ্গে তার ‘খুব পরিষ্কার যোগাযোগ’ রয়েছে।

ওই সময়ে ভুল পায়ে চিকিৎসা ও ক্লাবের চিকিৎসকরা এমবাপের সাপ্লিমেন্ট তালিকা তৈরি করতে চ্যাটজিপিটির মতো এআই টুল ব্যবহার করেছেন বলে দাবি ফরাসি গণমাধ্যমের। এমন কাণ্ডে রিয়ালের চিকিৎসকদের পেশাদারিত্ব নিয়ে উঠেছে প্রশ্ন। সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট–এর ফুটবল অনুষ্ঠান ‘আফটার ফুট’-এ বলা হয়েছে, ডিসেম্বর মাসে স্প্যানিশ ক্লাবটি এমবাপের বাম হাঁটুর বদলে ডান হাঁটু স্ক্যান করেছিল। স্পেনের অন্যান্য কিছু গণমাধ্যমও একই ধরনের প্রতিবেদন প্রকাশ করে, যার বেশিরভাগই আরএমসিকে সূত্র হিসেবে উল্লেখ করে।
বিজ্ঞাপন
সাধারণত বিশ্বমানের ফুটবলারদের ক্ষেত্রে পুষ্টিবিদ খাদ্য তালিকা বা সাপ্লিমেন্ট ব্যবহারের নির্দেশনা দেন তার শরীর, রক্ত পরীক্ষা ও চাহিদার ওপর ভিত্তি করে। কিন্তু রিয়ালের সাবেক পুষ্টিবিদ ইতিয়ার গঞ্জালেস দাবি করেছেন, ক্লাবের স্টাফরা পুষ্টি সাপ্লিমেন্টের তালিকা তৈরি করার জন্য চ্যাটজিপিটি ব্যবহার করেছেন। গত ডিসেম্বরে বরখাস্ত হয়েছেন গঞ্জালেস। এক সাক্ষাৎকারে তিনি চিকিৎসাকর্মীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বলেন ‘তারা অজ্ঞ ও অদক্ষ, যারা খেলোয়াড়দের শুধু ক্ষতি করেন’। এর পরিবর্তে ক্লাবকে দক্ষ ও শিক্ষিত পেশাদার চিকিৎসকদের নিয়োগের ব্যাপারে পরামর্শ দেন।
এদিক, ফরাসি গণমাধ্যমকে এমবাপে জানিয়েছেন, ‘ওই সময়টায় অনেক হতাশা, রাগ এবং এক সময় কিছুটা উদ্বেগও ছিল। এমন এক পর্যায়ে পৌঁছেছিলাম, যখন বুঝতে পারছিলাম না আমার আসলে কী সমস্যা। সময়টা আমি খুব ভালোভাবে কাটাতে পারিনি। আমি তখন খুব সুখী খেলোয়াড় ছিলাম না। তবে এখন আমি খুশি, কারণ সবকিছু এখন অতীত, সব ঠিক হয়ে গেছে।’
বিজ্ঞাপন
এএইচএস