বিজ্ঞাপন

সিডনিতে প্রথমবার ক্রিকেটার নিলাম, শুরু হচ্ছে বাংলা হান্ড্রেড লিগ

অ+
অ-
সিডনিতে প্রথমবার ক্রিকেটার নিলাম, শুরু হচ্ছে বাংলা হান্ড্রেড লিগ

অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আদলে অনুষ্ঠিত হলো ক্রিকেটারদের জমজমাট নিলাম। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সিডনির ল্যাকেম্বা লাইব্রেরি হলে আয়োজিত এই অনুষ্ঠানটি ‘বাংলা হান্ড্রেড লিগ (বিএইচএল)’ ক্রিকেট টুর্নামেন্টে এক নতুন মাত্রা যোগ করেছে।

বিজ্ঞাপন

এই ঐতিহাসিক আয়োজনের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার ইমরুল কায়েস। টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই উদ্যোগকে অস্ট্রেলিয়া প্রবাসী ক্রিকেটারদের জন্য একটি ঐতিহাসিক দিন হিসেবে অভিহিত করেছেন। সিডনিতে এর আগে অনেক টুর্নামেন্ট হলেও বৈশ্বিক টি-টোয়েন্টি লিগগুলোর মতো নিলামের ঘটনা এবারই প্রথম।

নিলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হুমায়ুন কবির রোজ। ৬টি ফ্র্যাঞ্চাইজি দলের অংশগ্রহণে অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে এই নিলাম সম্পন্ন হয়। মোট ১৬১ জন ক্রিকেটার নিলামে অংশ নেন। ৮০ জন ক্রিকেটার বিভিন্ন দলে জায়গা করে নিয়েছেন। ৬ জন আইকন ক্রিকেটার ছাড়াও ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে বেশ কিছু খেলোয়াড়কে দলে নেওয়া হয়েছে।

ক্রিকেটারদের বেস প্রাইস ছিল ৪ হাজার টাকা, যা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত উঠেছে। প্রতিটি দল সর্বোচ্চ ১৩ জন করে ক্রিকেটার দলে ভেড়ানোর সুযোগ পেয়েছে।

বিজ্ঞাপন

টুর্নামেন্ট কমিটির ডিরেক্টর আতিকুর রহমান সজীব জানান, বর্তমান সময়ে দর্শকরা ছোট ফরম্যাটের খেলার প্রতি বেশি আগ্রহী। সেই চাহিদা বিবেচনা করেই ‘হান্ড্রেড’ (১০০ বলের খেলা) ফরম্যাটে এই টুর্নামেন্টের পরিকল্পনা করা হয়েছে।

সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ এপ্রিল থেকে সিডনির ক্যাম্বেলটাউনে শুরু হবে মাঠের লড়াই। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা দেখার পাশাপাশি দর্শকদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থাও রেখেছে আয়োজক কমিটি।

এমএমএম/