বিজ্ঞাপন

জাতীয় দল ছেড়ে আর্সেনালে ফিরলেন ৫ ফুটবলার, ইনজুরির তালিকায় ১০

অ+
অ-
জাতীয় দল ছেড়ে আর্সেনালে ফিরলেন ৫ ফুটবলার, ইনজুরির তালিকায় ১০

ফিফার আন্তর্জাতিক বিরতি এখনও শেষ হয়নি। আসন্ন ২০২৬ বিশ্বকাপের স্কোয়াড সাজানোর লক্ষ্যে প্রীতি ম্যাচ খেলে নিজেদের শক্তিমত্তা যাচাই করছে দলগুলো। তবে জাতীয় দলের খেলা রেখেই সম্প্রতি ক্লাবে ফেরার মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। যদিও বলা হচ্ছে ক্যাম্প ছেড়ে যাওয়া বেশিরভাগই চোটে পড়েছেন। এভাবে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা প্রত্যাশী আর্সেনালে ফিরে গেছেন বিভিন্ন দেশের ১০ ফুটবলার।

বিজ্ঞাপন

এই তালিকায় শেষ নামটি স্প্যানিশ মিডফিল্ডার মার্টিন জুবিমেন্দির। শুক্রবার মিশরের বিপক্ষে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দলটির ম্যাচের আগে তিনি হাঁটুর সমস্যার কারণে স্কোয়াড থেকে নাম সরিয়ে নিয়েছেন। এক বিবৃতিতে স্পেন জানিয়েছে, ‘মার্টিন জুবিমেন্দি ডান হাঁটুতে অস্বস্তির কারণে স্প্যানিশ জাতীয় দলের ক্যাম্প ছেড়েছেন। যেকোনো ঝুঁকি এড়িয়ে খেলোয়াড়ের স্বাস্থ্য সুরক্ষায় নাম প্রত্যাহার করেছেন স্কোয়াড থেকে। বিষয়টি আর্সেনালের মেডিক্যাল স্টাফদের জানানো হয়েছে।’

রোববার আন্তর্জাতিক ক্যাম্প ছেড়ে আসা আর্সেনালের দ্বিতীয় ফুটবলার জুবিমেন্দি। এর আগে ইকুয়েডরের ডিফেন্ডার পিয়েরো হিনকাপিয়ে তাদের আসন্ন নেদারল্যান্ডস ম্যাচের আগে ক্যাম্প ত্যাগ করেছেন। গত শুক্রবার মরক্কোর বিপক্ষে ম্যাচে ৭২ মিনিট মাঠে ছিলেন তিনি। আর্সেনালে ফেরা এই ফুটবলারও চোট পুনর্বাসনে আছেন বলে জানানো হয়েছে। তবে ঠিক কেমন চোট পেয়েছেন তা প্রকাশ করা হয়নি। জুবিমেন্দি-হিনকাপিয়ের আগে আর্সেনালে ফিরে যান ইংল্যান্ডের দুই তারকা ডেকলান রাইস ও বুকায়ো সাকা।

বিজ্ঞাপন

গত শুক্রবার ওয়েম্বলিতে উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল ইংল্যান্ড। শেষ মুহূর্তে গোল হজমের পর থমাস টুখেলের দল ১-১ সমতায় মাঠ ছাড়ে। সেই ম্যাচে খেলেননি রাইস-সাকা। এরপর আসন্ন জাপান ম্যাচেও তাদের না খেলার বিষয় নিশ্চিত হয় ক্যাম্প ছেড়ে যাওয়ায়। এই দুই আর্সেনাল তারকা মেডিক্যাল মূল্যায়নে আছেন বলে জানা গেছে। উইঙ্গার ননি মাদুয়েকেও পায়েল ইনজুরিতে পড়েন উরুগুয়ে ম্যাচে। পরে তার হাঁটুতে ব্যান্ডেজ দেখা যায়। 

এর আগে কারাবাও কাপের ফাইনালে মাংসপেশির চোটে পড়েন এবেরেচি এজে। যে কারণে তিনি আর্সেনালেই রয়ে যান। টুখেলও তাকে স্কোয়াডে রাখেননি। ধারণা করা হচ্ছে মাঠে ফিরতে তার ন্যূনতম এক মাসের মতো সময় লাগতে পারে। চোটের কারণে যথাক্রমে ফ্রান্স, ব্রাজিল, বেলজিয়াম ও নেদারল্যান্ডসের হয়ে খেলতে যাননি উইলিয়াম সালিবা, গ্যাব্রিয়েল মাগালায়েস, লিয়েন্দ্রো ত্রোসার্ড ও জুরিয়েন টিম্বার। আর্সেনালও জানিয়েছে– চার ফুটবলারই চিকিৎসার স্বার্থে ক্লাবে অবস্থান করছেন।

সবমিলিয়ে ১০ ফুটবলার আর্সেনালের আসন্ন খেলায় মাঠের বাইরে থাকার কথা। ৪ এপ্রিল এফএ কাপের কোয়ার্টার ফাইনালে মিকেল আর্তেতার দল সাউদাম্পটনের বিপক্ষে লড়বে। এরপর রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ, ৭ এপ্রিল কোয়ার্টারের প্রথম লেগে তাদের প্রতিপক্ষ স্পোর্টিং লিসবন। এই মুহূর্তে ৯ পয়েন্টের ব্যবধানে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে গানাররা। ১১ এপ্রিল লিগের ম্যাচে তাদের প্রতিপক্ষ বোর্নমাউথ। তবে গুরুত্বপূর্ণ ম্যাচ ১৯ এপ্রিল, সেদিন আর্সেনাল ও দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটি লড়বে।

বিজ্ঞাপন

এএইচএস