বিজ্ঞাপন

১০০০ গোল করতে পারে মেসি, তার বিশ্বকাপে খেলা হবে সৌভাগ্যের: স্কালোনি

অ+
অ-
১০০০ গোল করতে পারে মেসি, তার বিশ্বকাপে খেলা হবে সৌভাগ্যের: স্কালোনি

বিশ্বকাপের আগে দেশের মাটিতে শেষবার খেলল আর্জেন্টিনা। লা বোম্বোনেরায় লিওনেল মেসির ঝলকে প্রাণ জুড়াল হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকদের। এখন তাদের অধিনায়ককে বিশ্বকাপে খেলতে দেখার অপেক্ষায় তারা। কিন্তু তার অংশগ্রহণের ব্যাপারে চূড়ান্তভাবে এখনো কিছু জানা যায়নি। আজ (বুধবার) জাম্বিয়ার জালে পাঁচ গোল দিয়ে জেতার পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি এই প্রসঙ্গে আরেকবার কথা বললেন।

বিজ্ঞাপন

ইন্টার মায়ামি অধিনায়ক এখনো জানাননি, এই গ্রীষ্মে শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেবেন কি না। শারীরিক ও মানসিকভাবে ফিট থাকলে বিশ্বকাপে খেলার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। জাম্বিয়ার বিপক্ষে একটি গোল করে ও আরেকটি বানিয়ে দিয়ে দেখালেন তার ফিটনেসে কোনো ঘাটতি নেই। 

প্রায় চল্লিশের কাছাকাছি একজন বিশ্ব সেরা খেলোয়াড়কে দলে পাওয়া এবং আরেকবার বিশ্বকাপে তার জাদুকরী পারফরম্যান্স দেখতে পারা ভক্তদের জন্য হবে দারুণ ব্যাপার। সেই কথা মনে করিয়ে দিয়ে মেসির বিশ্বকাপ খেলা প্রশ্নে স্কালোনি বললেন, ‘এটা হবে পরম সৌভাগ্যের ব্যাপার, যদি লিও বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নেয়। আমরা সবাই চাই সে এটা উপভোগ করুক এবং সে যেন স্বাচ্ছন্দ্যবোধ করে, সেজন্য আমরা সম্ভাব্য সবকিছু করব। আমাদের মতো সেও একই জিনিস চায়: সে এখন অনেক বেশি নিশ্চিন্ত, কারণ ইতোমধ্যে একটি বিশ্বকাপ সে জিতেছে। সেখানে থাকার ইচ্ছা তার এবং অভিজ্ঞতা ভাগাভাগি করতে চায়। আমরা দেখব সে কী সিদ্ধান্ত নেয় এবং তার পাশে থাকব।’

জুলিয়ান আলভারেজকে দিয়ে ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড দলের প্রথম গোল করান। তারপর নিজেও গোলদাতার খাতায় নাম লেখেন। এটি ছিল তার ১১৬তম আন্তর্জাতিক গোল এবং ক্যারিয়ারের ৯০২তম। স্কালোনি বললেন, ‘সে ১০০০ গোলও করতে পারে। আমাদের দেখতে হবে কতদিন সে খেলে।’

বিজ্ঞাপন

এফএইচএম/