বিজ্ঞাপন

অধিনায়ক বললেন, ‘পেনাল্টির পর ভেঙে পড়েছি’, প্রতিক্রিয়া নেই কোচের

অ+
অ-
অধিনায়ক বললেন, ‘পেনাল্টির পর ভেঙে পড়েছি’, প্রতিক্রিয়া নেই কোচের

এএফসি অ-২০ নারী টুর্নামেন্টে বাংলাদেশের অভিষেকের গল্পটা ভিন্ন রকম হতে পারতো। ৬৯ মিনিট পর্যন্ত তারা স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে ছিল। এরপর আকস্মিক ঝড়ে বাংলাদেশ ৩-২ গোলে হারে। দুর্দান্ত খেলা দলটি আকস্মিকভাবে দিশেহারা। এনিয়ে কোচের কাছ থেকে ব্যাখ্যা শোনার অপেক্ষা ছিল বাংলাদেশের ফুটবল অঙ্গন। কিন্তু বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ পিটার বাটলারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

বিজ্ঞাপন

এএফসির চূড়ান্ত পর্বের টুর্নামেন্টগুলোতে সাধারণত ম্যাচের পর সংবাদ সম্মেলন হয়। আজকের ম্যাচের পর এ রকম কোনো আয়োজন নাকি ছিল না এমনটাই দাবি এই দলের সঙ্গে যাওয়া মিডিয়া অফিসারের। এএফসি বা আয়োজকের আয়োজন না থাকলেও বাফুফের সঙ্গে যাওয়া মিডিয়া অফিসার খেলার পর কোচের প্রতিক্রিয়া পাঠান। আজকের এত বড় ম্যাচের পরও বাটলারের কোনো প্রতিক্রিয়া নেই। ঢাকা থেকে যোগাযোগ করে জানা গেছে, আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স না হওয়ায় কোচ প্রতিক্রিয়া দিতে ইচ্ছুক নন। বাস্তবিক অর্থে, পেশাদারিত্বের বুলি আওড়ানো বাটলার মিডিয়ার জন্য বার্তা অনেকবারই এড়িয়ে গেছেন।

খেলায় হার-জিত থাকবেই। জিতলে বা পয়েন্ট পেলে কোচ যেমন কথার ফুলঝুড়ি ঝরান, হারলে চলে যান আড়ালে। এএফসি অ-২০ নারী টুর্নামেন্টের বাছাইয়ে লাওসে কোরিয়ার বিপক্ষে ছয় গোলে পরাজয়, নেপালে সাফ অ-১৭ টুর্নামেন্টে ফাইনালে হারের পর আরও কয়েকটি ঘটনায় তার বক্তব্য পাওয়া যায়নি। বাফুফে কোচের নিযোগকারী প্রতিষ্ঠান হলেও তারা যেন নতজানু ভূমিকায়।

বিজ্ঞাপন

কোচ বাটলারের পছন্দের জন্যই আফিদা খন্দকার গত এক বছর জাতীয় দল ও অ-২০ দলে অধিনায়কত্ব করেছেন। জাতীয় দলে ঋতুপর্ণা, রুপ্না, মনিকার মতো সিনিয়র ও পরীক্ষিত পারফরমার থাকার পরও আফিদার হাতেই ছিল আর্মব্যান্ড, যার পারফরম্যান্স সাম্প্রতিক সময়ে তেমন ভালো ছিল না। তাই আজ জাতীয় দলে অধিনায়কত্ব করা আফিদা অ-২০ দলের আর্মব্যান্ড হারিয়েছেন।   

আফিদার বদলে আর্মব্যান্ড পরেন অর্পিতা বিশ্বাস। খেলার পর ফ্ল্যাশ ইন্টারভিউতে ছিলেন তিনি। সেই ভিডিও বাফুফে সরবরাহ করেছে। সেখানে অর্পিতা বলেন, ‘আমরা প্রথমার্ধে ভালো খেলেছি। শেষ ফিনিশিং ভালো করতে পারিনি।’ বাংলাদেশ ৬৯ মিনিট পর্যন্ত এগিয়ে থাকলেও আকস্মিক ম্যাচ থেকে ছিটকে যায়। এনিয়ে অধিনায়ক বলেন, ‘পেনাল্টির পর আমাদের খেলোয়াড়রা ভেঙে পড়ে, দ্বিতীয়টাও পেনাল্টি। আমরা এখানে প্রথম ম্যাচ খেলছি, শিক্ষা নিলাম। এই ম্যাচের ভুলগুলো পরের ম্যাচে করব না।’

এজেড/এফএইচএম