বিজ্ঞাপন

বিশ্বকাপের আগেরদিন ম্যাচ খেলবেন রোনালদোরা, সূচি ঘোষণা

অ+
অ-
বিশ্বকাপের আগেরদিন ম্যাচ খেলবেন রোনালদোরা, সূচি ঘোষণা

বিশ্বকাপ শুরুর মাসখানেক আগে (মে) চূড়ান্ত করা হবে প্রতিযোগী দেশগুলোর স্কোয়াড। সেই স্কোয়াড নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতিতে তারা একাধিক ম্যাচ খেলতে পারে। ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতায় এখনও চূড়ান্ত সাফল্যের স্বাদ পাননি পর্তুগাল। একইসঙ্গে দলটির প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদোরও সেটাই একমাত্র অধরা ট্রফি হয়ে আছে। সম্ভাব্য শেষ বিশ্বকাপে খেলতে নামার আগে তাই নিজেদের প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না পর্তুগিজরা।

বিজ্ঞাপন

আগামী ১১ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে স্বাগতিকদের সঙ্গে দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে ২৩তম বিশ্বকাপ আসরের পর্দা উঠবে। অথচ তার আগেরদিনই নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচের সূচি ঠিক করেছে পর্তুগাল। ১০ জুন নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে রোনালদো-ফার্নান্দেজ-নেভেসরা। যদিও পর্তুগিজ ফুটবল ফেডারেশন সেই ম্যাচের ভেন্যু জানায়নি। তবে ধারণা করা হচ্ছে তাদের বিশ্বকাপ ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে হওয়ায় প্রীতি ম্যাচও দেশটির কোনো ভেন্যুতে হবে!

এর আগে আরেকটি ম্যাচ খেলার কথা জানিয়েছিল পর্তুগাল। যা হবে বিশ্বকাপের আগে নিজ দেশে বিদায়ী ম্যাচ। ৬ জুন লিসবনের ওইরাস ন্যাশনাল স্টেডিয়ামে পর্তুগালের প্রতিপক্ষ চিলি। লাতিন এই দেশ এবং আফ্রিকান দেশন নাইজিরয়া অবশ্য আসন্ন বিশ্বকাপের মূলপর্বে উঠতে পারেনি। তাদের যাত্রা থেমেছে বাছাইপর্বে। বিশ্বকাপের শেষ দুটি প্রীতি ম্যাচ দিয়ে জাতীয় দলেও ফেরার সম্ভাবনা রয়েছে রোনালদোর। নিষেধাজ্ঞা ও চোটের কারণে তিনি গত নভেম্বরের পর আর আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেননি। 

বিজ্ঞাপন

ফিফার সদ্য সমাপ্ত মার্চ উইন্ডোতে দুটি ম্যাচ খেলেছে রবার্তো মার্টিনেজের পর্তুগাল। বিশ্বকাপের আয়োজক মেক্সিকোর মুখোমুখি হয় উদ্বোধনী ম্যাচের ভেন্যু আজতেকা স্টেডিয়ামে। সংস্কারের পর ওই ম্যাচ দিয়ে ভেন্যুটি উন্মুক্ত করা হয়েছে। গোলশূন্য সমতায় শেষ হয় পর্তুগাল-মেক্সিকোর লড়াই। এরপর আরেক আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে আটলান্টায় খেলে ২০১৬ সালের ইউরোজয়ী দেশটি। ম্যাচটিতে পর্তুগাল ২-০ ব্যবধানে জিতেছে।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ১১ জুন থেকে ১৯ জুলাই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। যেখানে ‘কে’ গ্রুপে পর্তুগাল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ডিআর কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়াকে। ১৭ জুন কঙ্গো এবং ২৩ জুন রোনালদোর প্রতিপক্ষ উজবেকিস্তান। দুটি ম্যাচই হবে হিউস্টনে। এরপর ২৭ জুন মায়ামিতে কলম্বিয়া-পর্তুগাল মুখোমুখি হবে।

এএইচএস