বিজ্ঞাপন

সিটি ম্যাচের আগে ভালো ও খারাপ খবর দুটোই দিলেন স্লট

অ+
অ-
সিটি ম্যাচের আগে ভালো ও খারাপ খবর দুটোই দিলেন স্লট

চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়ছেন মোহাম্মদ সালাহ। অ্যানফিল্ড ছাড়ার ঘোষণা দেওয়ার পর প্রথমবার অলরেডদের সঙ্গে অনুশীলন করলেন মিসরীয় ফরোয়ার্ড। ম্যানসিটির বিপক্ষে এফএ কাপ কোয়ার্টার ফাইনালের আগে তার ফিটনেস নিয়ে সবশেষ তথ্য জানালেন কোচ আর্নে স্লট।

বিজ্ঞাপন

সালাহ এখন ফিট এবং লিভারপুলের পরের ম্যাচে তাকে দেখার সম্ভাবনা প্রায় শতভাগ। আন্তর্জাতিক বিরতির আগে ইনজুরির কারণে ব্রাইটনের কাছে হারের ম্যাচে ছিলেন না তিনি। পরে সেরে ওঠার লড়াইয়ে মনোযোগ দেওয়ার কারণে মিসরের স্কোয়াড থেকে সরে দাঁড়ান। স্লট নিশ্চিত করলেন, এই সপ্তাহে পুরো ট্রেনিংয়ে ফিরেছেন তিনি। আগামীকাল (শনিবার) ম্যানসিটির মুখোমুখি হতে প্রস্তুত।

আজ (শুক্রবার) সংবাদ সম্মেলনে স্লট বললেন, ‘সে আমাদের সঙ্গে গতকাল ও আজকে ট্রেনিং করেছিল। কালকের ম্যাচে তাকে পাওয়া যাবে।’ ৯ বছরে ক্লাবের একাধিক সাফল্যে নেতৃত্ব দেওয়া এই ফরোয়ার্ডকে নিয়ে তিনি বলেন, ‘সে এই ক্লাবের জন্য যা করেছে, সেটা অবিশ্বাস্য। অনেক বছর ধরে, প্রতি তিন দিন অন্তর, সে যে গোলগুলো করেছে, অ্যাসিস্ট করেছে, এই ক্লাবের ওপর প্রভাব রেখেছে, ট্রফি জিতেছে.... আমি শুধু আশা করতে পারি এই মৌসুম শেষ হওয়ার আগে সে আরও দুটি ট্রফি জিততে পারবে।’

প্রিমিয়ার লিগে পঞ্চম স্থানে থাকা লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল খেলবে পিএসজির বিপক্ষে। আর ম্যানসিটি বাধা পার করতে পারলে এফএ কাপ জয়েরও আশা থাকছে।

বিজ্ঞাপন

এদিকে স্লট একটি দুঃসংবাদ দিয়েছেন। তাদের নিয়মিত গোলকিপার আলিসন বেকারকে পাচ্ছে না চ্যাম্পিয়ন্স লিগের দুটি ম্যাচে। ব্রাজিলিয়ান তারকাকে মৌসুমের শেষ দিকে পাওয়ার আশা, ‘সে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে দুটি ম্যাচে থাকতে পারবে না। দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে যাচ্ছে সে। আশা করি মৌসুমের শেষদিকে আমরা তাকে পাবো।’

এফএইচএম/