বিজ্ঞাপন

ঠাকুরগাঁওয়ে হচ্ছে স্কুল ভিত্তিক উত্তরবঙ্গের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট

অ+
অ-
ঠাকুরগাঁওয়ে হচ্ছে স্কুল ভিত্তিক উত্তরবঙ্গের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট

উত্তরবঙ্গের স্কুলভিত্তিক ফুটবলে নতুন ইতিহাস গড়ল ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজিত টিজিবিএইচএসিয়ান লিগেসি লিগের দ্বিতীয় আসরের নিলাম। বুধবার (১৮ মার্চ) রাতে এক জমজমাট আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টটির এবারের আসরের নিলাম।

বিজ্ঞাপন

এবারের নিলামে ২৫০ জন খেলোয়াড়ের নাম তোলা হয়, যা স্কুল স্তরে এই অঞ্চলে সবচেয়ে বড় নিলাম হিসেবে বিবেচিত হচ্ছে। নিলামে অংশ নেয় ১৬টি দল। যারা খেলোয়াড়দের স্কিল, সাম্প্রতিক ফর্ম, অভিজ্ঞতা ও পারফরম্যান্স বিবেচনায় নিয়ে নিজেদের স্কোয়াড গঠন করে।

প্রথম আসরের সফলতার ধারাবাহিকতায় এবারের আয়োজন আরও বৃহৎ বলে জানান আয়োজক টিজিবিএইচএস ফুটবল প্লানেট ক্লাব এর সদস্যরা। তাদের দাবি এটি শুধু ঠাকুরগাঁও নয়, পুরো উত্তরবঙ্গের সবচেয়ে সংগঠিত প্রতিযোগিতামূলক স্কুলভিত্তিক ফুটবল লিগ। ফুটবলারদের প্রথম আসরের পারফরম্যান্স ও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তাদেরকে দলে ভিড়িয়েছে টিম ম্যানেজমেন্ট। 

টুর্নামেন্টের মূল পর্ব আগামী মে মাসের শেষ দিক থেকে শুরু হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি। আসন্ন ঈদুল আযহার ৫ দিন আগে হবে জার্সি ও ট্রফি উন্মোচন এবং জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে জাতীয় পর্যায়ের ফুটবলার এবং বিশিষ্ট ক্রীড়াবিদদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। এ ছাড়াও বিশেষ আয়োজন হিসেবে রাখা হয়েছে কনসার্ট। ঈদুল আযহার আগের দিন অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল। সমাপনী অনুষ্ঠানে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা, পুরস্কার বিতরণ এবং ট্রফি উন্মোচনের মতো চমকপ্রদ আয়োজন।

বিজ্ঞাপন

টিজিবিএইচএস ফুটবল প্লানেট ক্লাব এর সদস্যরা ঢাকা পোস্টকে জানান, এই আয়োজনের মূল লক্ষ্য হলো স্থানীয় ফুটবল প্রতিভা খুজে বের করা, তরুণদের ফুটবলের প্রতি আগ্রহ বাড়ানো এবং স্কুল ফুটবল প্ল্যাটফর্ম গড়ে তোলা। এই টুর্নামেন্ট শুধু একটি স্কুল টুর্নামেন্ট নয়, এটি ঠাকুরগাঁওয়ের ফুটবল সংস্কৃতিতে এক বিপ্লবের নাম। নিলাম পর্বের সফল আয়োজন, দলগুলোর আগ্রহ, খেলোয়াড়দের উচ্ছ্বাস এবং দর্শকদের অপরিসীম প্রত্যাশা সবকিছুই প্রমাণ করে দিয়েছে দ্বিতীয় আসরটি কতটা রোমাঞ্চকর হতে যাচ্ছে। 

টিজিবিএইচএস ফুটবল প্লানেট ক্লাব এর সভাপতি নাহিয়ান হক সীন ঢাকা পোস্টকে বলেন, 'এই লিগ এর মূল লক্ষ্য হলো তরুণদের ফুটবলের প্রতি আগ্রহ বাড়ানো এবং প্রতিভা খুঁজে বের করা। নিলাম পর্বে আমরা দেখেছি, স্কুল ফুটবলে প্রতিভা ও উৎসাহের এক নতুন মাত্রা যুক্ত হয়েছে। তরুণ খেলোয়াড়রা এখানে নিজেদের দক্ষতা, কৌশল এবং মনোবল প্রদর্শন করতে পারছে, যা ভবিষ্যতের বড় ফুটবলার হিসেবে তাদের তৈরি করবে।'

'এই টুর্নামেন্ট এর আয়োজন আমাদের লক্ষ্যকে আরও এগিয়ে নিয়ে গেছে। দর্শক, অভিভাবক এবং সমর্থকদের উচ্ছ্বাস দেখেই বোঝা যায়, স্কুল ফুটবল শুধু খেলাই নয়, বরং তরুণদের জন্য এক উৎসব। আমরা আশা করি এই লিগ উত্তরবঙ্গের স্কুল ফুটবলের মানকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এই খেলার মাধ্যমে স্থানীয় ফুটবল প্রতিভারা আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে।'

বিজ্ঞাপন

এইচজেএস 

বিজ্ঞাপন