লা লিগায় রেফারির সিদ্ধান্ত নিয়ে মাঝেমধ্যে অভিযোগ ওঠে। কয়েক দিন আগেই বার্সেলোনা-অ্যাটলেতিকো মাদ্রিদ ম্যাচে একটি লাল কার্ড দেওয়ার পর তা বাতিল করা হয়, যা ছিল প্রশ্নবিদ্ধ। এমন কিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণে বার্সেলোনা শীর্ষে রয়েছে বলে অভিযোগ তুলল মাদ্রিদভিত্তিক স্প্যানিশ ওয়েবসাইট ‘ডিফেন্সা সেন্ট্রাল’।
বিজ্ঞাপন
৩০ ম্যাচ শেষে শীর্ষ দুই দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের পয়েন্টের ব্যবধান সাত। রেফারিরা চলতি মৌসুমে ‘বার্সার অনুকূলে’ ১০টি সিদ্ধান্ত নেওয়ার কারণেই এই পার্থক্য তৈরি হয়েছে! স্প্যানিশ ওয়েবসাইটটি রেফারির বিরুদ্ধে অভিযোগ তুলে একটি লম্বা প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিফেন্সা সেন্ট্রাল-এর দাবি, দুই দলের পারফরম্যান্সের কারণে এই পার্থক্য তৈরি হয়নি। তাদের মতে, বছরের পর বছর ধরে ‘ধারাবাহিকভাবে অনুকূল রেফারিংয়ের’ কারণে বার্সা স্পেনের ফুটবলে আধিপত্য ধরে রেখেছে। তাদের প্রতিবেদনে ১০টি সিদ্ধান্ত তুলে ধরা হয়েছে, যেখানে বিতর্কিত পেনাল্টি ও লাল কার্ডের ব্যাপারও আছে। আর এই সিদ্ধান্তগুলো ম্যাচের ফলাফলে প্রভাব রেখেছে।
বিজ্ঞাপন
১– রায়ো ভায়েকানোর বিপক্ষে লামিনে ইয়ামালকে একটি পেনাল্টি দেওয়া হয়েছিল। ওই ম্যাচে সংযোগ ত্রুটির কারণে ভিএআর যাচাই করতে পারেননি রেফারি। তাতে বার্সা একটি পয়েন্ট পায়।
২– সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত এল ক্লাসিকোতে ভিনিসিয়ুস জুনিয়রকে ফাউল করায় ইয়ামালের বিরুদ্ধে পেনাল্টির বাঁশি বেজেছিল। পরে রেফারি সেই সিদ্ধান্ত বদলে ফেলেন। ফাউলটি পানির মতো পরিষ্কার ছিল বলে দাবি করা হয় প্রতিবেদনে।
৩– সেভিয়ার বিপক্ষে পেনাল্টি বক্সের মধ্যে বালদের একটি হ্যান্ডবল ‘পরিষ্কার’ বোঝা গেলেও রেফারি পেনাল্টি দেননি।
বিজ্ঞাপন
৪– সেল্টা ভিগো ম্যাচে মার্কোস আলোনসোর বিরুদ্ধে একটি বিতর্কিত পেনাল্টি দেওয়া হয়েছিল, যদিও পেনাল্টি বক্সের মধ্যে বলে তার হাত লাগেনি।
৫– অ্যাতলেটিক বিলবাওর উইলিয়ামসকে ভয়ঙ্কর ট্যাকল করলেও রেফারি পাউ কুবারসিকে লাল কার্ড না দিয়ে হলুদ কার্ড দেখান।
৬– এলচে ম্যাচে বক্সের ভেতরে আলভারো রদ্রিগেজকে ফাউল করলেও বালদের বিরুদ্ধে পেনাল্টি দেননি রেফারি।
৭– ওভিয়েডোর বিপক্ষে আলবার্তো রেইনাকে ফাউল করলেও কিপার জুয়ান গার্সিয়ার বিরুদ্ধে পেনাল্টি দেওয়া হয়নি।
৮– রায়ো ভায়োকানোর বিপক্ষে ন্যু ক্যাম্পে রাইতুকে বক্সের মধ্যে ফাউল করলেও ফারমিন লোপেজকে পেনাল্টি দেওয়া হয়নি। ম্যাচের ফল যায় বার্সার পক্ষে।
৯– সেভিয়ার বিপক্ষে মাত্র ১৮ মিনিটের মধ্যে কানসেলোর বিরুদ্ধে দুইবার বিতর্কিত পেনাল্টি দেন রেফারি।
১০– মেত্রোপলিতানোতে অ্যাটলেতিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জেরার্ড মার্টিনকে লাল কার্ড দেখান রেফারি। পরে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়।
ওয়েবসাইট উপসংহার টেনে বলেছে, এই ঘটনাগুলোই পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে কেন বার্সেলোনা লিগের শীর্ষে। স্প্যানিশ রেফারিরা কাতালান দলকে ধারাবাহিকভাবে অন্যায্য সুবিধা দিয়ে গেছে।
এফএইচএম/
