বিজ্ঞাপন

বাংলাদেশের সামনে কোয়ার্টার ও বিশ্বকাপের হাতছানি

অ+
অ-
বাংলাদেশের সামনে কোয়ার্টার ও বিশ্বকাপের হাতছানি

সাফ অ-২০ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন উন্মাদনায় খানিকটা আড়ালে নারীদের এএফসি অ-২০ টুর্নামেন্ট। প্রথমবারের মতো বাংলাদেশের নারীরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে কোয়ার্টার ফাইনাল খেলার সম্ভাবনা তৈরি করেছে। এশিয়ান ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশ কখনো কোয়ার্টারে খেলেনি।

বিজ্ঞাপন

সিনিয়র নারী এশিয়া কাপের মতো অ-২০ নারী এশিয়া কাপেরও তিন গ্রুপের তিন চ্যাম্পিয়ন ও রানার্স আপের পাশাপাশি তিন গ্রুপের মধ্যে তৃতীয় স্থানে থাকা সেরা দুই দল কোয়ার্টার ফাইনালে খেলবে। বাংলাদেশ এ গ্রুপে দুই ম্যাচ শেষে তৃতীয় স্থানে রয়েছে। ভিয়েতনামেরও দুই ম্যাচে কোনো পয়েন্ট নেই। থাইল্যান্ড ও চীনের বিপক্ষে ভিয়েতনাম সাত গোল হজমের বিপরীতে এক গোল দিয়েছে। এজন্য তাদের গোল ব্যবধান -৬। বাংলাদেশ সেখানে পাঁচ গোল হজমের বিপরীতে দিয়েছে দু'টি। তাই গোল ব্যবধান-৩।

থাইল্যান্ডে আগামীকাল বাংলাদেশ সময় বিকেল ছয়টায় ভিয়েতনামের মুখোমুখি হবেন আফিদারা। আগামীকালের এই ম্যাচ ড্র হলেও গ্রুপে বাংলাদেশের তৃতীয় স্থান নিশ্চিত।

বাংলাদেশ শুধু নিজেদের গ্রুপই নয় বি ও সি গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলগুলোর চেয়েও গোল ব্যবধানে এগিয়ে। বি গ্রুপে উজবেকিস্তান-৮ আর চাইনিজ তাইপে -৭ গোল ব্যবধান। বাংলাদেশ-ভিয়েতনাম ম্যাচ ড্র হলে; বি এবং সি গ্রুপে চাইনিজ তাইপে-ভারত কিংবা উজবেকিস্তান-জর্ডান মধ্যকার একটি ম্যাচ ড্র হলেই বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত। বাংলাদেশ যদি ভিয়েতনামকে হারাতে পারে তাহলে কোয়ার্টার ফাইনাল হবে সময়ের অপেক্ষা। পরের দিন বি ও সি গ্রুপের ম্যাচে উজবেকিস্তান-জর্ডান কিংবা চাইনিজ-তাইপে ভারত দুই ম্যাচেই বড় ব্যবধানের ফলাফল না হলে বাংলাদেশের বাদ পড়ার কোনো সম্ভাবনা থাকবে না।

বিজ্ঞাপন

বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে উঠলে থাকছে বিশ্বকাপের হাতছানি। এই বছর সেপ্টেম্বরে পোল্যান্ডে ফিফা অ-২০ বিশ্বকাপে এশিয়ার চারটি দেশ খেলবে। এএফসি অ-২০ টুর্নামেন্টের চার সেমিফাইনালিস্ট বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। কোয়ার্টার ফাইনালে জিতলে বাংলাদেশ প্রথমবারের মতো কোনো ফিফার আসরে খেলার কৃতিত্ব অর্জন করবে। 

অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপে বাংলাদেশ কোনো ম্যাচ জিততে পারেনি। বিশেষ করে উজবেকিস্তানকে হারালে কোয়ার্টার ফাইনাল খেলার সুযোগ ছিল। অনেক সম্ভাবনার ম্যাচে পিটার বাটলার হাই লাইন ডিফেন্স কৌশলে উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ০-৪ গোলে হেরেছিল। এত হিসাব-নিকাশ ও সম্ভাবনা সবই জলে যেতে পারে যদি ভিয়েতনাম বাংলাদেশকে হারিয়ে দেয়। ২৬ মার্চ ভিয়েতনামে জামাল-হামজারা ৩-০ গোলে হেরেছিলেন। সপ্তাহ খানেক পর আফিদা-অর্পিতারা কি পারবেন বড় ভাইদের সেই হারের প্রতিশোধ নিতে?

এজেড/এইচজেএস