আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শেষে মাঠে গড়িয়েছে বাংলাদেশের ঘরোয়া ফুটবল। তিন সপ্তাহ বিরতির পর আজ অনুষ্ঠিত হয়েছে ফেডারেশন কাপের দুই ম্যাচ। এদিন বসুন্ধরা কিংস জিতলেও হেরেছে ফর্টিজ।
বিজ্ঞাপন
মঙ্গলবার কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫-০ গোলের বিশাল ব্যবধানে আরামবাগকে হারিয়েছে বসুন্ধরা কিংস। দলের হয়ে দোরিয়েলতন জোড়া জোড়া গোল করেন। আর একটি করে গোল করেছেন রাকিব হোসেন, সোহেল রানা জুনিয়র ও ফয়সাল আহমেদ ফাহিম।
ম্যাচের ১৮তম মিনিটে ব্রাজিলিয়ান দোরিয়েলতন কিংসকে এগিয়ে দেন। কর্নার প্রতিহতের পর ফিরতি বলে সেই কর্নারের কাছ থেকে ক্রস দেন ফাহিম। অনেকটা লাফিয়ে হেডে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান তারকা। ২২ মিনিটে ডান দিক থেকে রাকিবের ক্রস; প্লেসিংয়ে লিড দ্বিগুণ করেন গোলমুখের সামনে ফাঁকায় দাঁড়িয়ে থাকা ফাহিম।
বিরতির পর ৫২তম মিনিটে ইমানুয়েল সানডে আরামবাগের গোলকিপার আজাদের পায়ের নিচ দিয়ে বল জালে ঠেলে দেন। ৩-০ গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। ৫৫তম মিনিটে ফাহিমের আরও একটি নিচু ক্রসে দলকে এগিয়ে দেন দোরিয়েলতন। আর ৬৬তম মিনিটে ফাহিমের শট ঠেকিয়ে দেন আরামবাগের গোলকিপার আজাদ। কিন্তু বল বিপদমুক্ত হয়নি। বক্সে জটলার মধ্য থেকে বটম কর্নার দিয়ে দলের স্কোরলাইন ৫-০ করেন সোহেল রানা জুনিয়র।
বিজ্ঞাপন
ফেডারেশন কাপে এর আগের দুই ম্যাচেই ড্র করেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। অবশেষে জয়ের দেখা পেল তারা। এই জয়ে তিন খেলায় ৫ পয়েন্ট নিয়ে টেবিলে দুইয়ে কিংস। সমান ম্যাচে এখনও জয়ের দেখা পায়নি তলানিতে থাকা আরামবাগ।
‘বি’ গ্রুপের দিনের অপর ম্যাচে কিংস অ্যারেনায় হারে ফর্টিজ। টেবিলের শীর্ষে থেকে পুলিশ এফসির বিপক্ষে মাঠে নেমেছিল ফর্টিস। যদিও তারা এগিয়ে গিয়ে ১-২ গোলে হেরেছে পুলিশের কাছে। এই জয়ে ৩ খেলায় এক জয় এক হারে টেবিলের শীর্ষস্থানে উঠেছে পুলিশ। চার ম্যাচে ৫ পয়েন্ট পেয়ে তিনে ফর্টিস।
এজেড/এমএমএম
