ফিফা বিশ্বকাপের পেনাল্টি শুটআউট মানেই যেন এক চরম স্নায়ুযুদ্ধ, যেখানে ভাগ্য আর দক্ষতার লড়াইয়ে নির্ধারিত হয় ম্যচের জয়-পরাজয়। আর এই ভাগ্যনির্ধারণী মঞ্চে অন্য যেকোনো দেশের চেয়ে যোজন যোজন এগিয়ে আর্জেন্টিনা। ১৯৭৮ সালে বিশ্বকাপে টাইব্রেকার প্রথা চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত হওয়া মোট শুটআউটের ২০ শতাংশেরই অংশীদার লিওনেল মেসির আর্জেন্টিনা।
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ সাতটি পেনাল্টি শুটআউটে অংশ নিয়েছে আর্জেন্টিনা। বিশ্বমঞ্চে খেলা ৮৪টি দেশের মধ্যে আর কোনো দল এত বেশিবার টাইব্রেকারের মুখোমুখি হয়নি। এই তালিকায় আর্জেন্টিনার পেছনে রয়েছে ব্রাজিল, ফ্রান্স ও স্পেন। প্রত্যেক দলই পাঁচটি করে শুটআউট খেলেছে।
টাইব্রেকারে আর্জেন্টিনার সাফল্যের হার অত্যন্ত ঈর্ষণীয়। সাতটি শুটআউটের মধ্যে ছয়টিতেই শেষ হাসি হেসেছে আলবিসেলেস্তেরা।
আর্জেন্টিনা সবচেয়ে বেশি শুটআউট জিতলেও বিশ্বকাপে পেনাল্টি শুটআউটে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে জার্মানি ও ক্রোয়েশিয়া। দুই দলই তাদের খেলা ৪টি শুটআউটের ৪টিতেই জিতেছে।
বিশেষ করে জার্মানদের পেনাল্টি নেওয়ার দক্ষতা ফুটবল বিশ্বে এক অপার বিস্ময়। বিশ্বকাপে নেওয়া ১৮টি পেনাল্টির মধ্যে ১৭টিই জালে জড়িয়েছে তারা, যার মধ্যে রয়েছে টানা সর্বশেষ ১৫টি সফল স্পট-কিক।
এমএমএম/

