আসন্ন ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। বিশ্বমঞ্চের শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা দলের সবচেয়ে বড় চিন্তার নাম ইনজুরি। ফুটবলারদের চোট নিয়ে কোচিং স্টাফদের মধ্যে এক ধরণের ইতিবাচকতা থাকলেও মাঠের বাস্তবতায় কোনো ধরণের ঝুঁকি নিতে রাজি নন মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি।
কোনো কিছুকে ভাগ্যের ওপর ছেড়ে না দিয়ে নিজের স্ট্যাইলেই এক মাস্টারপ্ল্য্যান সাজিয়েছেন আর্জেন্টিনার হেড কোচ। যেকোনো জরুরি পরিস্থিতি বা আকস্মিক চোটের ধাক্কা সামলাতে ইতোমধ্যেই চারজন ফুটবলারকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
বিশ্বকাপ শুরুর ঠিক আগের দিন পর্যন্ত যদি কোনো ফুটবলার গুরুতর ইনজুরি বা অসুস্থতায় পড়েন, তবেই এই চার ফুটবলারের মধ্য থেকে জরুরি ভিত্তিতে মূল দলে অন্তর্ভুক্তি করা হবে।
৫৫ সদস্যের প্রাথমিক দল থেকে বাদ পড়া এই ৪ ভাগ্যবানের তালিকায় প্রথম নামটি হলো অ্যাস্টন ভিলার তারকা ফরোয়ার্ড এমিলিয়ানো বুয়েন্দিয়া। বাকি তিন ফুটবলার হলেন- রিভার প্লেটের গোলরক্ষক সান্তিয়াগো বেলত্রান, হামবুর্গের মিডফিল্ডার নিকোলাস কাপালদো এবং কোমোর মিডফিল্ডার ম্যাক্সিমো পেরোনে।

তালিকায় থাকা গোলরক্ষক সান্তিয়াগো বেলত্রান এবং মিডফিল্ডার নিকোলাস কাপালদো বর্তমানে আর্জেন্টিনা দলের সাথেই যুক্তরাষ্ট্রের ক্যানসাসে অবস্থান করছেন। হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচের প্রস্তুতি হিসেবে অন্য পাঁচ ফুটবলারের সাথে তারা সেখানে অনুশীলন করছেন।
ফলে কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে স্কালোনির কোচিং স্টাফ খুব দ্রুতই তাদের মূল দলে যুক্ত করতে পারবে। এমনকি প্রথম প্রীতি ম্যাচে কাপালদোর শুরুর একাদশে খেলার সম্ভাবনাও রয়েছে, যা মূলত নির্ভর করছে গঞ্জালো মন্টিয়েল এবং নাহুয়েল মলিনার ফিটনেসের ওপর।
বুয়েন্দিয়া এবং পেরোনে বর্তমানে দলের সাথে না থাকলেও তাদের যেকোনো মুহূর্তে ব্যাগ গুছিয়ে চলে আসার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
এমএমএম/

