World Cup Football Field

বিজ্ঞাপন

বিশ্বকাপ শুরুর আগেই ব্রাজিলের পক্ষে ভবিষ্যদ্বাণী আলোচিত হাঙরের

বিশ্বকাপ শুরুর আগেই ব্রাজিলের পক্ষে ভবিষ্যদ্বাণী আলোচিত হাঙরের

বিশ্বকাপ শুরু হওয়ার আগেই আলোচনায় উঠে এসেছে এক হাঙর। তবে সে সমুদ্রের কোনো আতঙ্ক নয়! ২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে সেলেসাওদের জয়ের ভবিষ্যদ্বাণী করেছে ব্রাজিলের রিও ডি জেনেইরো অ্যাকুয়ারিয়ামের হাঙর ‘রিতিনিয়া’।

গত বুধবার রিও ডি জেনেইরো অ্যাকুয়ারিয়ামে বিশেষ এক আয়োজনের মাধ্যমে ব্রাজিল ও মরক্কোর মধ্যকার ম্যাচের সম্ভাব্য ফলাফল অনুমান করার চেষ্টা করা হয়। এ সময় হাঙর রিতিনিয়ার সামনে দুই দলের প্রতীকসংবলিত দুটি বিকল্প রাখা হয়েছিল। সেখান থেকে রিতিনিয়া বেছে নেয় ব্রাজিলের প্রতীক, যা আয়োজকদের ভাষায় সেলেসাওদের জয়ের ইঙ্গিত।

আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। গ্রুপ পর্বে এটি অন্যতম আকর্ষণীয় লড়াই হিসেবেই দেখা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে মরক্কোর ধারাবাহিক উন্নতি এবং বড় আসরে চমক দেখানোর সামর্থ্য ম্যাচটিকে আরও গুরুত্ব এনে দিয়েছে।

ফুটবলে প্রাণীদের মাধ্যমে ম্যাচের ফলাফল অনুমানের ঘটনা অবশ্য নতুন নয়। ২০১০ বিশ্বকাপে জার্মানির বিখ্যাত অক্টোপাস ‘পল’ একের পর এক ম্যাচের ফল সঠিকভাবে অনুমান করে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল। সেই স্মৃতিই যেন ফিরিয়ে আনার চেষ্টা করেছে রিও অ্যাকুয়ারিয়াম কর্তৃপক্ষ।

তবে রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী শেষ পর্যন্ত কতটা সত্যি হবে, তার উত্তর মিলবে মাঠেই। বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল-মরক্কো লড়াইয়ের ফল নির্ধারণ করবে ফুটবলারদের পারফরম্যান্স, কোনো হাঙরের ভবিষ্যদ্বাণী নয়। তারপরও বিশ্বকাপের উত্তাপ বাড়াতে এমন ব্যতিক্রমী আয়োজন ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে জায়গা করে নিয়েছে।

এইচজেএস