World Cup Football Field

বিজ্ঞাপন

ইরাকের সঙ্গে ড্র করেও খুশি স্পেন কোচ, বিশ্বকাপের আগে প্রস্তুত হওয়ার আশা

ইরাকের সঙ্গে ড্র করেও খুশি স্পেন কোচ, বিশ্বকাপের আগে প্রস্তুত হওয়ার আশা

৪০ বছর পর ফিফা ফুটবল বিশ্বকাপ খেলতে নামছে ইরাক। তার আগে মেগা টুর্নামেন্টটির অন্যতম ফেভারিট স্পেনের সঙ্গে প্রস্তুতি ম্যাচে ১-১ ড্র করে তারা আরও কিছুটা আত্মবিশ্বাস সঞ্চয় করে নিলো। ‍অন্যদিকে, জয় না পেলেও অসুবিধার কিছু দেখছেন না শক্তিশালী স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার কাছে এই মুহূর্তে বরং চোট এড়ানো এবং সব খেলোয়াড়কে সুযোগ দিতে পারাই গুরুত্বপূর্ণ বিষয়। 

বিশ্বকাপে তারকায় ঠাসা আক্রমণভাগ দেখা যাবে স্পেনের। প্রস্তুতি ম্যাচে গা গরম কিংবা কম সুযোগ পাওয়া ফুটবলারদেরই বেশি দেখা যাওয়ার কথা। লা ফুয়েন্তেও সে কাজটাই করলেন। এখনও পুরোপুরি চোট কাটিয়ে ফেরেননি দলের প্রধান ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। এ ছাড়া নিকো উইলিয়ামস, পেদ্রি, রদ্রি, ডেভিড রায়াসহ নিয়মিত দলের কয়েকজনকে বেঞ্চে রেখেই তিনি দল মাঠে নামান।

dhakapost

স্প্যানিশরা অবশ্য ম্যাচে বলের ৬৩ শতাংশ নিয়ন্ত্রণ ধরে রাখলেও আক্রমণে ধারহীন ছিল। তবুও ১৬ মিনিটে তারা লিড পায় ফেররান তোরেসের গোলে। ইরাক মিনিট দশেক পর সমতায় ফিরলে স্কোরলাইন ১-১ হয়। যা অপরিবর্তিত ছিল শেষ বাঁশি বাজানোর আগমুহূর্ত পর্যন্ত। ম্যাচ শেষে স্প্যানিশ কোচ লা ফুয়েন্তে বলেন, ‘আজকের দিনটা ছিল কিছুটা সংবেদন আর অন্য খেলোয়াড়দের সুযোগ দেওয়ার। সেখানে কেউ চোট পায়নি– এটাই গুরুত্বপূর্ণ।’

ম্যাচটিতে অভিষেক হওয়া খেলোয়াড়দের ভবিষ্যৎ তারকা আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এখন আমরা নতুন পর্যায়ে প্রবেশ করছি, যেখানে আরও বেশি তীব্রতা থাকবে এবং আরও বেশি ফুটবলারের ভূমিকা প্রয়োজন হবে। আগামীকাল আমরা যুক্তরাষ্ট্রে যাচ্ছি এবং এটি আমাদের মনোযোগকে ঠিক সেখানেই নিয়ে যাচ্ছে, যেখানে থাকা দরকার। তারা সবাই এই সুযোগ আদায় করে নিয়েছে। এই ম্যাচটি আমাদেরকে সেসব খেলোয়াড় অভিষেক করানোর সুযোগ করে দিয়েছে, যারা তা প্রাপ্য ছিল। তারা ভবিষ্যতের ফুটবলার এবং দ্রুতই তাদেরকে আমরা মূল দলে দেখতে পাব।’

বিশ্বকাপের আগে ৯ জুন পেরুর বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে স্পেন। এরপর ১৫ জুন শুরু বিশ্বকাপের মূল অভিযান। এর আগে ইয়ামালের ফিট হয়ে ওঠাসহ সব প্রস্তুতি সম্পন্ন বলে মনে করেন লা ফুয়েন্তে, ‘আমাদের পরিকল্পনা অনুযায়ীই কাজ করার কথা এবং সময়সূচীই আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছে যে, ১৫ তারিখের মধ্যে প্রস্তুত হয়ে উঠতে হবে। এমনিতে সবকিছু খুব ভালোভাবেই চলছে, কিন্তু এমন একটা দিন আসতে পারে, যখন আমাদের কোনো কিছু স্থগিত রাখতে হতে পারে।’

এএইচএস