প্রতিটি বড় টুর্নামেন্টেই খেলোয়াড়দের ইনজুরিমুক্ত থাকার বিষয়টি প্রতিযোগী দলগুলোর অন্যতম ভাবনার কেন্দ্রে থাকে। যা তাদের পরিকল্পনায় পরিবর্তন কিংবা বিকল্প খুঁজতেও বাধ্য করে। ফিফা ফুটবল বিশ্বকাপ দুয়ারে কড়া নাড়ছে, এরই মাঝে চোট পেয়ে হাসপাতালে যেতে হলো জার্মানির ১৮ বছর বয়সী মিডফিল্ডার লেনার্ট কার্লকে। চোটের ধরন জানা না গেলেও বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার কথা তিনি নিজেই নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থা এপি বলছে, শুক্রবার অনির্দিষ্ট ইনজুরির পর স্ক্যান করার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে লেনার্ট কার্লকে। বায়ার্ন মিউনিখে দারুণ মৌসুম কাটানো এই মিডফিল্ডারকে এই বিশ্বকাপের অন্যতম শীর্ষ উদীয়মান তারকা বিবেচনা করা হচ্ছিল। চ্যাম্পিয়ন্স লিগে তিনি বাভারিয়ানদের হয়ে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড গড়েছিলেন।

আজ দিবাগত রাতে বিশ্বকাপের প্রস্তুতিতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে জার্মানি। তার আগে তরুণ ফুটবলারের চোট নিশ্চিত করে জার্মান কোচ জুলিয়ান নাগালসম্যান বলছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে লেনি আজকের (গতকাল) অনুশীলনে চোট পেয়েছে। সত্যি বলতে তার কী হয়েছে সেটি জানতে আমাদের অপেক্ষা করতে হবে, তবে তা ভালো মনে হচ্ছে না। এই পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে এবং এরপর দেখব কী করা যায়। পরীক্ষা-নিরীক্ষার পর আপনাদের জানাব। এরপর তাকে নিয়ে কি টুর্নামেন্ট চালিয়ে যাওয়া যাবে নাাকি তার বিকল্প বেছে নিতে হবে সেই সিদ্ধান্ত।’
জার্মান কোচ নিশ্চিতভাবে না বললেও, কার্ল নিজেই ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় লিখেছেন, ‘আমি কোথায় থেকে শুরু করব জানি না, সবচেয়ে বড় টুর্নামেন্ট মিস করার আঘাত বর্ণনাতীত। বিশ্বকাপের জন্য ফিট থাকার লক্ষ্যে সব করেছি। দুর্ভাগ্যবশত, সবচেয়ে অনাকাঙ্ক্ষিত মুহূর্তে ইনজুরির ঘটনা ঘটে। আমার দলের সর্বোচ্চ সফলতা কামনা করছি এবং অবশ্যই প্রতিটি মিনিট তাদের জন্য সমর্থন থাকবে! প্রতিশ্রুতি দিচ্ছি আরও শক্তিশালী হয়ে ফিরব।’
‘গুরুতর ইনজুরি অথবা অসুস্থ’ হলেই কেবল জার্মানির প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগে বিশ্বকাপের স্কোয়াডে পরিবর্তনের সুযোগ রয়েছে নিয়মে। ১৪ জুন নিজেদের প্রথম ম্যাচে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা নবাগত দল কুরাসাওয়ের মুখোমুখি হবে। গত মার্চে জার্মানি জাতীয় দলে অভিষেক হয়েছিল কার্লের। এখন পর্যন্ত খেলেছেন ৩ ম্যাচ, যেখানে শুরুর একাদশেও তাকে খেলিয়েছেন নাগালসম্যান।
এ ছাড়া পায়ের পেশিতে চোট থাকা গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে নিয়েও ঝুঁকি নিতে চান না জার্মান কোচ। ফলে তাকেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দেখা যাওয়ার সম্ভাবনা কম। তেমনটা ঘটলে দুই বছর পর জাতীয় দলে ফেরা নয়্যার সরাসরি বিশ্বকাপে খেলবেন জার্মানদের হয়ে। ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর তিনি অবসরের ঘোষণা দিয়েছিলেন। ফিফার এই মেগা ইভেন্টের আগে অবসর ভেঙে ফেরানো হয়েছে এই বিশ্বকাপজয়ী তারকাকে। নয়্যারের অনুপস্থিতিতে জার্মানির পছন্দের গোলরক্ষক হিসেবে আছেন অলিভার বম্যান।
এএইচএস

