২০২২ কাতার বিশ্বকাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে ছিল ফ্রান্স। তবে টাইব্রেকারে তাদের আর্জেন্টিনার কাছে স্বপ্নভঙ্গ হয়। যেখানে বদলি ফুটবলার হিসেবে নেমে ৪৯ মিনিট খেলেছেন এদুয়ার্দো কামাভিঙ্গা। তার দল যখন আরেকটি বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবে খেলতে নামছে, কামাভিঙ্গা তখন মাঠ থেকে দূরে। ফাঁকা সময়ে বরং পড়াশোনায় মনোযোগী হচ্ছেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার।
আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপের জন্য ফরাসিদের স্কোয়াডে জায়গা হয়নি কামাভিঙ্গার। ক্লাবের জার্সিতে গত মৌসুমটা তিনি অফফর্মে কাটিয়েছেন, জাতীয় দলেও তার পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি কোচ দিদিয়ের দেশমের। সর্বশেষ মার্চে কামাভিঙ্গা ফ্রান্সের হয়ে প্রীতি ম্যাচ খেলেছেন।

সর্বশেষ মৌসুমে রিয়ালের হয়ে বেশিরভাগ সময় বেঞ্চেই কাটিয়েছেন ২৩ বছর বয়সী এই ফরাসি মিডফিল্ডার। মৌসুম শেষের বিরতি চলছে ক্লাবের, আর জাতীয় দল বিশ্বকাপে মগ্ন থাকবে এক মাসেরও বেশি সময়। ফলে কামাভিঙ্গার এই সময়টা অবসরেই কাটবে। যাকে তিনি পড়াশোনায় বিনিয়োগ করার উদ্যোগ নিয়েছেন।
ফরাসি এই তরুণ তারকা হার্ভার্ড বিজনেস স্কুলের বিনোদন ও ক্রীড়া বিভাগের কোর্সে ভর্তি হয়েছেন। যা নিয়ে আজ (রোববার) নিজের ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে কামাভিঙ্গা লিখেছেন, ‘কিছুদিন শিক্ষা, শ্রবণ ও বেড়ে ওঠায় কাটুক।’
বোস্টনের উপশহর ক্যামব্রিজে অবস্থিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, যা ওয়ালথামে অবস্থিত বেন্টলি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত। যাকে ফরাসি দল বিশ্বকাপের ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। কামাভিঙ্গা সেই এলাকায় থেকে পড়াশোনা এবং সতীর্থদের খেলা উপভোগের কাজ উভয়ই চালিয়ে যেতে পারবেন। ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে এমবাপে-দেম্বেলেরা।
এএইচএস

