World Cup Football Field

বিজ্ঞাপন

‘অন্য কারও জার্সিতে পাঁচ তারকা নেই, ব্রাজিলকে প্রাপ্য সম্মান দেওয়া উচিত’

‘অন্য কারও জার্সিতে পাঁচ তারকা নেই, ব্রাজিলকে প্রাপ্য সম্মান দেওয়া উচিত’

ব্রাজিলিয়ান তারকা ব্রুনো গিমারায়েস। বিশ্বকাপে হেক্সা ট্রফি জয়ের অভিযান শুরু করার মিশনে তার দল যেন ‘প্রাপ্য সম্মান’ পায়, সেই দাবি করেছেন।

সেলেসাওরা ২০০২ সালে তাদের সর্বশেষ পাঁচ শিরোপার শেষটি জিতেছিল এবং তারপর থেকে পাঁচটি বিশ্বকাপের মধ্যে চারবারই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে।

উত্তর আমেরিকায় অনুষ্ঠিত এবারের টুর্নামেন্টে ব্রাজিল বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে থেকে মাঠে নামছে। তবে অতীতের মতো বিশ্ব কাঁপানো মহাতারকাদের নামের ঘাটতি এবার তাদের দলে রয়েছে।

ব্রাজিলের নিউ জার্সির বেস ক্যাম্পে সাংবাদিকদের নিউক্যাসেল ইউনাইটেডের মিডফিল্ডার গিমারায়েস বলেন, ‘অন্য কারও জার্সির বুকে পাঁচটি তারকা নেই। আমাদের দলে ভিনি (ভিনিসিয়ুস) ও রাফিনহার মতো দুর্দান্ত খেলোয়াড়রা আছে, যারা শীর্ষস্থানীয় ক্লাবগুলোতে খেলে। আমাদের খেলোয়াড়দের সেই সম্মান দেওয়া উচিত যা তারা পাওয়ার যোগ্য।’

কার্লো আনচেলত্তির দল দক্ষিণ আমেরিকান অঞ্চলের ১০ দলের বাছাইপর্বে শীর্ষস্থানে থাকা আর্জেন্টিনার চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে থেকে পঞ্চম স্থানে শেষ করেছিল। নিউ ইয়র্ক সিটির ঠিক বাইরে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে আগামী শনিবার মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তারা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।

তারা টুর্নামেন্টের প্রস্তুতি সম্পন্ন করেছে টানা দুটি প্রীতি ম্যাচ জয়ের মাধ্যমে। রিও ডি জেনিরোতে পানামাকে ৬-২ ব্যবধানে বিধ্বস্ত করার পর শনিবার ওহাইওর ক্লিভল্যান্ডে মিসরকে ২-১ ব্যবধানে পরাজিত করে।

মিসরের বিপক্ষে দলের হয়ে প্রথম গোল করা গিমারায়েস বলেন, ‘আমাদের অনুভূতি এর চেয়ে ভালো হতে পারত না। আমরা দুটি প্রীতি ম্যাচেই জিতেছি এবং ভালো খেলেছি। কিছু জিনিস নিয়ে কাজ করার জন্য আমাদের হাতে আরও কয়েকটা দিন সময় আছে, তবে আমরা নিজেদের প্রস্তুত মনে করছি।’

তিনি আরও যোগ করেন, ‘বিশ্বকাপ একবার শুরু হয়ে গেলে, আগে কী ঘটেছে তা সবাই ভুলে যাবে। আশা করি আমরা একটি জয় দিয়ে শুরু করতে পারব, যা আমাদের সামনে এগিয়ে যাওয়ার ভিত্তি গড়ে দেবে।’

গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের অন্য দুটি প্রতিপক্ষ হলো হাইতি ও স্কটল্যান্ড। দলটি বর্তমানে দেখার অপেক্ষায় আছে যে নেইমার তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলোতে কোনো ভূমিকা রাখতে পারবেন কিনা।

বার্সেলোনা ও প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সাবেক এই ফরোয়ার্ডের বয়স এখন ৩৪ বছর। তিনি বর্তমানে নিজ দেশের ক্লাব সান্তোসে খেলছেন এবং ২০২৩ সালের পর থেকে জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ খেলেননি।

তবুও আনচেলত্তি বিশ্বকাপের স্কোয়াডে নেইমারকে অন্তর্ভুক্ত করে একটি ঝুঁকি নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি পায়ের পেশীর সমস্যায় পড়ে দুই থেকে তিন সপ্তাহের জন্য সাইডলাইনে গেছেন।

ব্রাজিল ইতোমধ্যে তাদের স্কোয়াডে একটি পরিবর্তন করতে বাধ্য হয়েছে। উরুর চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন রোমার ফুলব্যাক ওয়েসলি। তার স্থলাভিষিক্ত করা হয়েছে ২৬ বছর বয়সী মিডফিল্ডার এডারসনকে। ইতালির আতালান্তায় খেলা এই মাঝমাঠের খেলোয়াড় বিশ্বকাপের পর ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

গিমারায়েস বলেন, ‘বিশ্বকাপে খেলা আমাদের ফুটবলারদের ক্যারিয়ারের সর্বোচ্চ চূড়ায় ওঠার মতো ব্যাপার। আমরা আশা করি ওয়েসলি দ্রুত সুস্থ হয়ে উঠবে।’

এফএইচএম