World Cup Football Field

বিজ্ঞাপন

বালের্দির পরিবর্তে আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াডে কে? যা বললেন স্কালোনি

বালের্দির পরিবর্তে আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াডে কে? যা বললেন স্কালোনি

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই পর্দা উঠবে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফিফা বিশ্বকাপের। কিন্তু শুরুর আগেই ডিফেন্ডার লিওনার্দো বালের্দির চোটে বড় চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে আলবিসেস্তে শিবিরে। এই ফুটবলারের পরিবর্তে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে কে ঢুকছেন, তা নিয়ে চলছে তুমুল আলোচনা।

আর্জেন্টাইন নির্ভরযোগ্য স্পোর্টস মিডিয়া টিওয়াইসি স্পোর্টস নিশ্চিত করেছে, আগামী শুক্রবারই  বালের্দির অফিশিয়াল বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করবেন কোচ লিওনেল স্কালোনি। আইসল্যান্ডকে প্রীতি ম্যাচে বিধ্বস্ত করার পর সংবাদ সম্মেলনে স্কালোনি রসিকতা করে বলেছিলেন, ‘আমি কি আগামীকালকের কথা বলেছিলাম? হয়তো আমি আরও একটা দিন সময় নেব।’

বালের্দি একজন সেন্ট্রাল ডিফেন্ডার হলেও স্কালোনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি কোনো ডিফেন্ডারের বদলে ডিফেন্ডার নিচ্ছেন না। স্কালোনির ভাষায়, ‘বালের্দির পজিশনে ব্যাকআপ দেওয়ার মতো খেলোয়াড় আমাদের আছে। আমরা অন্য পজিশনের সম্ভাবনাগুলো দেখছি, বিশেষ করে বাকি ফুটবলাররা কে কেমন শারীরিক অবস্থায় প্রীতি ম্যাচ শেষ করেছে তার ওপর ভিত্তি করে।’

দলের অন্যতম প্রধান মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস মাংসপেশির চোট থেকে সেরে উঠছেন। তিনি চলতি সপ্তাহের শেষ দিকে অনুশীলনে ফিরলেও টুর্নামেন্টের শুরুতে শতভাগ ফিট পাওয়া নিয়ে কিছুটা শঙ্কা আছে। আর এই কারণেই স্কালোনির রাডারে এখন দুটি বিকল্প অপশন রয়েছে।

বালের্দির জায়গায় দলে ফেরার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার গুইদো রদ্রিগেজ। স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার হয়ে গত ৬ মাসে ১৭ ম্যাচে ৪ গোল করে দুর্দান্ত ফর্মে আছেন এই তারকা। পারেদেসের ইনজুরির কারণে দলে একজন খাঁটি সেন্ট্রাল মিডফিল্ডারের অভাব দূর করতে গুইদোই স্কালোনির এক নম্বর পছন্দ।

স্কালোনির দ্বিতীয় পছন্দ হতে পারেন অ্যাস্টন ভিলার উইঙ্গার এমিলিয়ানো বুয়েন্দিয়া। সদ্য সমাপ্ত মৌসুমে ৫৪ ম্যাচে ১১ গোল করে অ্যাস্টন ভিলাকে ইউরোপা লিগ জিতিয়েছেন ২৯ বছর বয়সী এই তারকা।

এমএমএম/