ফুটবল বিশ্বকাপের পর্দা উঠতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে ৪৮ দলের এই ঐতিহাসিক মহাযজ্ঞ। তবে মাঠের লড়াই শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে সোমালিয়ার রেফারি ওমর আবদুলকাদির আরতানকে বৈধ ভিসা থাকা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না দেওয়ায় চরম বিতর্ক তৈরি হয়েছে।
এই ইস্যুতেই মুখ খুলেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তার সোজা কথা- ভিসা দেওয়ার মালিক সরকার, ফিফা কোনো দেশের পুলিশ বা সরকারের ওপর হুকুম চালাতে পারে না। তাই ‘চিল করুন, রিল্যাক্স থাকুন।’
মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে গত তিন বছরের মধ্যে নিজের প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ফিফা প্রধান এই মন্তব্য করেন।
সোমালি রেফারিকে আমেরিকার ইমিগ্রেশন কর্তৃপক্ষ সন্ত্রাসী সংগঠনের সাথে জড়িত থাকার সন্দেহে আটকে দেওয়ার পর ফিফার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। এ প্রসঙ্গে ইনফান্তিনো বলেন, ‘সোমালিয়ার রেফারির সাথে যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি, সমাধান করার চেষ্টা করছি। তবে মাঝেমধ্যে একটু শান্ত ও রিল্যাক্স থাকা ভালো। চিৎকার-চেঁচামেচি করলে অনেক সময় উল্টো ফল হয়।’
তিনি আরও বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, আমরা একটি ক্রীড়া সংস্থা মাত্র। আমরা তো আর দুনিয়ার রাজা নই যে কোনো দেশের সরকার বা পুলিশ বাহিনীকে শাসন করব। ইমিগ্রেশনের চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণ সেই দেশের।’
তবে এই জটিলতার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রকে আয়োজক দেশ বানানোর সিদ্ধান্ত নিয়ে তার মনে কোনো অনুশোচনা নেই বলে সাফ জানিয়ে দেন তিনি।
এমএমএম/

