World Cup Football Field

বিজ্ঞাপন

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাফুফে সভাপতি তাবিথ

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাফুফে সভাপতি তাবিথ

সারা বিশ্বের দৃষ্টি এখন বিশ্বকাপ ফুটবলে। আর কিছুক্ষণ পরই মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপ উদ্বোধন হচ্ছে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ও উদ্বোধনী অনুষ্ঠানে সারা বিশ্ব থেকে বরেণ্য ব্যক্তিদের আমন্ত্রণ জানায় ফিফা। বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি ফিফার অধিভুক্ত সংস্থার সভাপতি-সাধারণ সম্পাদকদেরও থাকে আমন্ত্রণ। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচের ভেন্যু আজতেকা স্টেডিয়ামে উপস্থিত রয়েছেন।

১৯৩০ সাল থেকে শুরু হয়েছে বিশ্বকাপ। ১৯৭০ ও '৮৬ বিশ্বকাপে মেক্সিকো দুই বার স্বাগতিক হয়েছিল। ৪০ বছর পর আবার বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে মেক্সিকোতে। এবার মেক্সিকোর পাশাপাশি আমেরিকা ও কানাডা স্বাগতিক। মেক্সিকোর গত দুই বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ হয়েছিল আজতেকা স্টেডিয়ামে। এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচও সেই ভেন্যুতে। একমাত্র ও প্রথম ভেন্যু হিসেবে তিনটি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের স্বাক্ষী হচ্ছে আজতেকা। স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে উপস্থিত থেকে বাফুফে সভাপতি এবং সাধারণ সম্পাদকও এই ঐতিহাসিক মুহুর্তের স্বাক্ষী হচ্ছেন।

বিশ্বকাপের সময় সারা বিশ্বের ঘরোয়া ফুটবলের কার্যক্রমও খানিকটা সীমিত থাকে। হামজা-ঋতুপর্ণাদের আন্তর্জাতিক ম্যাচ, ঘরোয়া ফুটবল নিয়ে বাফুফে বেশ ব্যস্ত সময় কাটিয়েছে। জুন-জুলাইয়ে দলবদল ছাড়া তেমন কোনো কর্মসূচি নেই। তাই বাফুফে সভাপতি বিশ্বকাপে মেক্সিকো সিটিতে আজ ও পরবর্তীতে গুয়াদেলাজারাতে আরেকটি ম্যাচ দেখবেন। এরপর আমেরিকাতেও খেলা দেখতে পারেন। সাধারণ সম্পাদক অবশ্য আগামী সপ্তাহেই দেশে ফিরবেন।

এজেড/এইচজেএস