World Cup Football Field

বিজ্ঞাপন

কাতারকে কতটা ছাপিয়ে যেতে পারল মেক্সিকোর উদ্বোধনী অনুষ্ঠান!

কাতারকে কতটা ছাপিয়ে যেতে পারল মেক্সিকোর উদ্বোধনী অনুষ্ঠান!

প্রায় ৮৭ হাজার দর্শক ধারণক্ষমতার ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে তিল ধারণের ঠাঁই নেই। উপলক্ষ্যটাও ঐতিহাসিক। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে মাঠে গড়ানো ২০২৬ বিশ্বকাপের আজ পর্দা উঠল মেক্মিকোর মাটিতে। এ নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপের উদ্বোধনীর স্বাক্ষী হলো ম্যারাডোনার 'হ্যান্ড অব গডের' ভেন্যু খ্যাত এই স্টেডিয়াম।

সব মিলিয়ে আধাঘণ্টার মতো হয়েছে এবারের বিশ্বকাপের মেক্সিকো পর্বের উদ্বোধনী অনুষ্ঠান। তিন পর্বের উদ্বোধনীর বাকি দুই পর্ব হবে আরও দুই সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ও কানাডায়। আজকের পর্বের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা ও নাইজেরিয়ান শিল্পী বার্না বয়। উদ্বোধনী অনুষ্ঠানে তারা বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’ পরিবেশন করেছেন। বিশ্বকাপ মানেই যেন শাকিরার গান। আরও একবার সমর্থকদের সুরের মূর্ছনায় ভাসালেন শাকিরা। 

এ ছাড়া বিশ্বকাপের আরেকটি মূল গান ‘ডিএনএ’র একটি যৌথ পারফরম্যান্স তুলে ধরেন আন্দ্রেয়া বোচেলি, ডেভিড গেটা, মেগান থি স্ট্যালিয়ন এবং ইজেএ। বিশ্বখ্যাত তারকাদের পাশাপাশি পারফর্ম করেছেন মেক্সিকোর স্থানীয় শিল্পীরাও। দেশটির নিজস্ব সংস্কৃতির ছোঁয়াও ছিল উদ্বোধনীতে। আজকের অনুষ্ঠানে ছিলেন বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশনের সর্বোচ্চ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও ছিলেন বলে ঢাকা পোস্ট নিশ্চিত হয়েছে।

তবে প্রশ্ন থেকেই যাচ্ছে কতটা উন্মাদনা ছড়াতে পেরেছে মেক্মিকোর এই উদ্বোধনী অনুষ্ঠান। অনেক ফুটবলপ্রেমী সর্বশেষ কাতার বিশ্বকাপের উদ্বোধনীর সঙ্গেও তুলনা টানছেন। অনেকের কাছেই যে কাতার এখনো সেরা হিসেবেই থাকছে।

২০২২ বিশ্বকাপ অনেক কারণেই স্মরণীয় হয়ে আছে। এই বিশ্বকাপেই রূপকথার গল্প লিখেছিল আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বে ৩৬ বছর পর লাতিন দেশটি জেতে নিজেদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা। অনেকের চোখে ২০২২ বিশ্বকাপের ফাইনাল ইতিহাসের সেরা ফাইনাল ছিল। তবে সব ছাপিয়ে সেবারের উদ্বোধনী অনুষ্ঠানও কম আলোচনায় ছিল না।

Watch: Who is Ghanim Al Muftah, star of World Cup opening?

বিশেষভাবে নজর কেড়েছিল হলিউড অভিনেতা মরগ্যান ফ্রিম্যান ও দুই পা-বিহীন গনিম আল-মুফতাহর পারফরম্যান্স। উদ্বোধনের মঞ্চে মরগান ফ্রিম্যান যখন উঠে দাঁড়িয়ে গনিম আল মুফতাহের দিকে হাত বাড়িয়ে দেন, সঙ্গে সঙ্গে এক জাদুকরি ও মনোমুগ্ধকর মুহূর্তের জন্ম হয়েছিল যেন। ২০২২ কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত ও আবেগঘন মুহূর্তগুলোর একটি ছিল এটি। অনুষ্ঠানটি শেষ হওয়ার পর সামাজিক মাধ্যমে গানিম আল-মুফতাহ ব্যাপক আলোচনায় আসেন।

এ ছাড়া ২০২২ কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ গ্রুপ বিটিএস-এর সদস্য জাং কুকের পারফরম্যান্স ছিল বড় আকর্ষণগুলোর একটি। তিনি উদ্বোধনী মঞ্চে ‘ড্রিমারস’ গানটি পরিবেশন করেন, যা কাতার বিশ্বকাপের অফিশিয়াল সাউন্ডট্র্যাকগুলোর একটি ছিল।

এফআই/এইচজেএস