বিজ্ঞাপন

রিয়ালের নতুন কোচ মরিনহো

রিয়ালের নতুন কোচ মরিনহো

গুঞ্জনটা বেশ কিছুদিন ধরেই চলছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণা। বিশ্বকাপ শুরুর দিনে নতুন কোচের নাম ঘোষণা করল রিয়াল মাদ্রিদ। এক বিবৃতিতে পর্তুগিজ কোচ জোসে মরিনহোর সঙ্গে তিন বছরের চুক্তির ঘোষণা দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। চুক্তি অনুযায়ী, ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত রিয়ালের ডাগআউট সামলাবেন অভিজ্ঞ এই কোচ।

রিয়াল জানিয়েছে, আগামী ১৩ জুলাই থেকে নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করবে দল। সেদিন থেকেই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়ে দলের সঙ্গে কাজ শুরু করবেন মরিনহো।

গত জানুয়ারিতে জাবি আলোনসোর আকস্মিক বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পান ক্লাবের সাবেক ডিফেন্ডার আলভারো আরবেলোয়া। তবে তার অধীনে প্রত্যাশিত সাফল্য পায়নি রিয়াল।

লা লিগার শিরোপা লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে পিছিয়ে পড়ে মৌসুম শেষ করতে হয় মাদ্রিদের ক্লাবটিকে। এল ক্লাসিকোতে ২-০ গোলে হারের পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে হেরে বিদায় নেয় তারা।

দলের সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে আবারও শীর্ষে ফেরার লক্ষ্যেই মরিনহোর ওপর আস্থা রেখেছে রিয়াল। গত সেপ্টেম্বরে বেনফিকার দায়িত্ব নেওয়া এই কোচ দলটিকে পর্তুগিজ লিগে তৃতীয় স্থানে রেখে আবারও সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরছেন।

এর আগে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়ালের কোচ ছিলেন মরিনহো। তার অধীনে ২০১১-১২ মৌসুমে লা লিগা শিরোপা জেতে ক্লাবটি। এছাড়া কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপও জিতেছিলেন তিনি।

প্রায় দেড় দশক পর দ্বিতীয় মেয়াদে রিয়ালে ফিরছেন মরিনহো। এবার তার সামনে চ্যালেঞ্জ, ইউরোপ ও স্পেনের ফুটবলে আবারও রিয়াল মাদ্রিদকে সাফল্যের সর্বোচ্চ মঞ্চে ফিরিয়ে নেওয়া।

এইচজেএস