World Cup Football Field

বিজ্ঞাপন

ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকার

‘সর্বোচ্চ বিশ্বকাপ খেলার চেয়ে বরং চ্যাম্পিয়ন দলের সদস্য হতে চাই’

‘সর্বোচ্চ বিশ্বকাপ খেলার চেয়ে বরং চ্যাম্পিয়ন দলের সদস্য হতে চাই’

২০২৬ ফুটবল বিশ্বকাপের শীর্ষ ফেভারিট কারা–সেই আলোচনা আসর শুরুর আগে থেকেই চলছে। বেশিরভাগ জরিপে ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনাকে এই তালিকার উপরের দিকে রাখতে দেখা যায়। যেখানে কিছুটা পিছিয়েই আছে পাঁঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যাদের হয়ে চতুর্থ বিশ্বকাপ খেলতে নামছেন গোলরক্ষক অ্যালিসন বেকার। তবে সর্বোচ্চ বিশ্বকাপ খেলার চেয়ে তিনি চ্যাম্পিয়ন দলের সদস্য হতে বেশি পছন্দ করার কথা জানিয়েছেন।

গতকাল (বৃহস্পতিবার) নিজেদের প্রস্তুতি ও সম্ভাবনা নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন গোলবারে ব্রাজিলের এই বিশ্বস্ত তারকা। ফ্রান্স ও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মতো দলগুলো যখন তুলনামূলকভাবে বেশি প্রস্তুত বলে বিবেচিত হচ্ছে, তখন ব্রাজিলের অবস্থান সম্পর্কে জানতে চাইলে ৩৩ বছর বয়সী অ্যালিসন বলেন, ‘ফেভারিট হিসেবে বিবেচিত হওয়া কারও জন্যই কোনো নিশ্চয়তা নয় এবং এটি দলের ওপর বাড়তি চাপ তৈরি করে।’

তিনি বলেন, ‘আসল বিষয় হলো, প্রথম ম্যাচের সময় আপনি কোন অবস্থায় আছেন। আমরা প্রস্তুত।’ ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের এই গোলরক্ষক সাম্প্রতিক সময়ে বারবার চোটের সমস্যায় ভুগেছেন, তবে ১৪ জুন নিউজার্সিতে ব্রাজিলের হয়ে নিজের চতুর্থ আসরের প্রথম ম্যাচে নামার অপেক্ষায়। অ্যালিসন বলছেন, নিজের তৃতীয় বিশ্বকাপে খেলার জন্য তিনি শতভাগ ফিট আছেন।

বিশ্বকাপে তিন বা এর বেশি আসরে অংশ নেওয়া ব্রাজিলের চার গোলরক্ষকের তালিকায় যুক্ত হতে পেরে উত্তেজিত কি না এমন প্রশ্ন করা হয় অ্যালিসনকে। জবাবে তিনি বলেন, সর্বোচ্চ আসর খেলার চেয়ে বরং অন্য একটি বিশ্বকাপজয়ী (চ্যাম্পিয়ন) দলে দলে যোগ দিতে চান। একইসঙ্গে এবারের ব্রাজিল দল নিয়েও তিনি বেশ আত্মবিশ্বাসী। 

যদিও বাছাইপর্বে ব্রাজিল পঞ্চম স্থানে থেকে বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেয়েছিল। তাদের ওপরে ছিল আর্জেন্টিনা, ইকুয়েডর, কলম্বিয়া ও উরুগুয়ে। শেষ দুই ম্যাচের আগে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে নিয়োগ দেওয়া হয়। তার অধীনে শেষ দুই ম্যাচে একটি জয় ও একটি হারের রেকর্ড করে ব্রাজিল। অ্যালিসন বলেন, ‘শেষ চক্রটা কঠিন ছিল, আমরা সেটি গভীরভাবে অনুভব করেছি। কিন্তু আনচেলত্তি আসার পর সবকিছু ভালো হতে শুরু করে। দলে তার উপস্থিতি খুবই শক্তিশালী এবং তিনি আমাদের কাজ করার জন্য শান্ত পরিবেশ দেন।’

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে প্রায় এক বছর ধরে আছেন আনচেলত্তি। দেশটির ইতিহাসে প্রথম বিদেশি প্রধান কোচ হিসেবে তার ফলাফল মিশ্র হলেও, ২৪ বছর পর বিশ্বকাপ ট্রফি দেশে ফিরিয়ে আনতে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ হবে বলে অনেকেই বিশ্বাস করেন। বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ হবে মরক্কোর বিপক্ষে, আগামী শনিবার নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

বিশ্বকাপের ২৩তম আসরে ব্রাজিলের ৬৭ বছর বয়সী কোচ আনচেলত্তি দলের রক্ষণভাগের উন্নতির দিকে বিশেষ নজর দিচ্ছেন বলে জানান অ্যালিসন। কারণ এই জায়গায় ব্রাজিল প্রায়ই সমস্যায় পড়েছে। সেলেসাও তারকা বলেন, ‘কিছু গোল এড়ানো সম্ভব ছিল। আমরা এ নিয়ে কাজ করছি, কারণ বিশ্বকাপ একটি ছোট পরিসরের টুর্নামেন্ট। আমরা জানি, দলের মানের কারণে গোল করার সুযোগ আমরা সবসময়ই পাব।’

এএইচএস