অনেক দিন ধরেই পাওলো দিবালাকে নিয়ে দলবদলের গুঞ্জন। বিশেষ করে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব বোকা জুনিয়র্সের আগ্রহের কারণে সাম্প্রতিক সময়ে সেই আলোচনা আরও জোরালো হয়েছে। অবশেষে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তার বক্তব্য পরিষ্কার—এ মুহূর্তে তিনি রোমার খেলোয়াড় এবং ক্লাবের প্রতি সম্মান রেখেই ভবিষ্যৎ নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চান না।
ছুটি কাটাতে নিজ শহর কর্দোবায় গিয়ে স্থানীয় রেডিও ‘কাদেনা ৩’-কে দেওয়া সাক্ষাৎকারে দিবালাকে বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, ‘দেখা যাক কী হয়। এই মাসের শেষ পর্যন্ত আমি রোমার খেলোয়াড়। ক্লাবের প্রতি সম্মান রেখেই আমার ভবিষ্যৎ নিয়ে এখন কোনো কথা বলতে চাই না।’
ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথাও স্বীকার করেছেন দিবালা। তিনি বলেন, ‘আমি এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। সামনে কী হবে, সেটাও জানি না। আমি নিজেই যখন জানি না, তখন অন্য কাউকে কী বলব?’
তবে নিজের শৈশবের ক্লাব ইন্সটিটিউট এসিতে ফিরে ক্যারিয়ার শেষ করার ইচ্ছার কথা লুকাননি এই আর্জেন্টাইন তারকা। ইন্সটিটিউটের একাডেমিতেই ফুটবলে তার পথচলা শুরু হয়েছিল। দিবালা বলেন, ‘ফুটবলে সবকিছুই সম্ভব। সব ক্লাবই আমার জন্য বিকল্প হতে পারে। এমনকি ইন্সটিটিউটও। আশা করি একদিন সেখানে ফিরতে পারব। আমি চাই আমার ক্যারিয়ারের বৃত্তটা ইন্সটিটিউটেই পূর্ণ হোক। ক্লাবটির কাছে আমি অনেক ঋণী, সবসময় কৃতজ্ঞ থাকব। তবে ফুটবলে কী ঘটবে, তা আগে থেকে বলা কঠিন।’
দিবালা ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কিছু না বললেও ইতালির সংবাদমাধ্যমগুলোর দাবি, তার সঙ্গে রোমার নতুন চুক্তির সম্ভাবনাই সবচেয়ে বেশি। ক্লাবটির নতুন স্পোর্টিং ডিরেক্টর টনি ডি’অ্যামিকো দায়িত্ব নেওয়ার পর থেকেই দিবালাকে দলে রাখাকে অগ্রাধিকার হিসেবে দেখছেন। ইতোমধ্যে তার প্রতিনিধিদের কাছে নতুন চুক্তির প্রস্তাবও পাঠানো হয়েছে বলে জানা গেছে।
সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো ও মাতেও মোরেত্তোর তথ্য অনুযায়ী, আলোচনায় বর্তমানে এগিয়ে রয়েছে রোমাই। দিবালার চাহিদাগুলো পূরণে ইতালিয়ান ক্লাবটি ইতিবাচক অবস্থানে রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে রোমার জার্সিতে টানা পঞ্চম মৌসুম খেলতে দেখা যেতে পারে তাকে।
অন্যদিকে, দিবালাকে দলে টানার আশা এখনো ছাড়েনি বোকা জুনিয়র্স। তবে রোমার সঙ্গে চুক্তি নবায়ন সম্পন্ন হলে আর্জেন্টাইন ক্লাবটিকে আরও অন্তত একটি মৌসুম অপেক্ষা করতে হতে পারে। ফলে দিবালাকে বোকা জুনিয়র্সের নীল-সোনালি জার্সিতে দেখার স্বপ্ন আপাতত অপেক্ষাতেই থাকছে।
এইচজেএস
