World Cup Football Field

বিজ্ঞাপন

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

ব্রাজিলিয়ান ফুটবল মানেই ছন্দ, সাম্বা জাদু আর মাঠ কাঁপানো ‘নাম্বার টেন’ জার্সির জাদুকর। পেলে, লিভেলিনো, জিকো, রিভালদো এবং রোনালদিনহো থেকে শুরু করে আধুনিক যুগের নেইমার জুনিয়র- বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের ১০ নম্বর জার্সি সবসময়ই থেকেছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে।

তবে আজ নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচে এক বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে ফুটবলবিশ্ব। দীর্ঘ চার দশক পর এই প্রথম বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে কোনো ‘নাম্বার টেন’ ছাড়াই মাঠে নামছে সেলেসাওরা।

সবশেষ ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ১০ নম্বর জার্সিধারী কোনো খেলোয়াড় ছাড়া মাঠে নেমেছিল ব্রাজিল। সেবার স্পেনের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের আগে হুট করেই তীব্র শারীরিক সমস্যায় পড়েন ব্রাজিলের তৎকালীন প্রাণভোমরা ও কিংবদন্তি জিকো। ফলে জিকোকে ছাড়াই স্পেনের বিপক্ষে মাঠে নামতে হয়েছিল সেলেসাওদের।

১৯৮৬ সালের পর কেটে গেছে দীর্ঘ ৪০ বছর। এর মাঝে ১৯৯০ থেকে শুরু করে গত ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত প্রতিটি আসরের প্রথম ম্যাচেই ব্রাজিলের একাদশে প্রথাগত ১০ নম্বর জার্সি পরিহিত কোনো না কোনো তারকা মাঠে ছিলেন।

কিন্তু এবার কার্লো আনচেলোত্তির সম্পূর্ণ নতুনভাবে সাজানো কৌশল এবং চোটের কারণে নেইমারের অনুপস্থিতিতে- আজকের একাদশে এমন কোনো ফুটবলার নেই যিনি এই ঐতিহাসিক ১০ নম্বর জার্সি গায়ে চাপিয়ে মাঠ মাতাবেন।

ট্যাকটিক্যাল কারণেই হোক বা ইনজুরির ধাক্কায়, চার দশক পর ব্রাজিলের ফুটবল ইতিহাসে যোগ হতে যাচ্ছে এই নতুন অধ্যায়।

এমএমএম/