চোটের কারণে আজ বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নামা হচ্ছে না। তবু ব্রাজিল ড্রেসিংরুমের প্রধান চালিকাশক্তি যে তিনিই, তা আরও একবার প্রমাণ করলেন নেইমার জুনিয়র। নতুন ফুটবলারদের মানসিকভাবে চাঙ্গা রাখতে আজ নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের উদ্দেশ্যে সেলেসাওদের অফিশিয়াল টিম বাসে চেপে বসেছেন ব্রাজিলের এই পোস্টার বয়। আজ মাঠের ভেতরেও দেখা যাবে তাকে।
যদিও ডান পায়ের কাফ ইনজুরির কারণে আজ বুট জুতো পায়ে বল নিয়ে মাঠে নামতে পারবেন না নেইমার, তবু ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীতের সময় দলের বাকি ২৫ জন সতীর্থের সাথে মাঠের একদম কেন্দ্রবিন্দুতে দাঁড়াবেন তিনি।
ফিফার নতুন নিয়ম অনুযায়ী- বিশ্বকাপে স্কোয়াডের ২৬ জন ফুটবলারই ম্যাচ শুরুর মূল ড্রিল এবং জাতীয় সঙ্গীতের সময় একসাথে মাঠে উপস্থিত থাকতে পারবেন। ফলে প্রথাগত একাদশে না থাকলেও আজ মেটলাইফের মাঠে ১০ নম্বর জার্সি গায়েই হাজির থাকছেন নেইমার।
গত ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় ইনজুরিতে পড়েছিলেন নেইমার। তবে ব্রাজিলের ডাগআউটে থাকা ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলোত্তি জানিয়েছেন, নেইমারের ফেরার প্রক্রিয়া খুব দ্রুত এগোচ্ছে। আজ সকালেও হোটেলের জিমে ঘাম ঝরিয়েছেন তিনি।
আনচেলোত্তি বলেন, ‘নেইমার দ্রুত ফেরার জন্য কঠোর পরিশ্রম করছে। আশা করছি আগামী সপ্তাহ থেকেই ও দলের সঙ্গে পুরোদমে অনুশীলন শুরু করতে পারবে। আমরা ওকে শুধু টেকনিক্যাল কারণে দলে নেইনি, ওর অভিজ্ঞতা এই তরুণ দলটার জন্য একটা দারুণ টনিক হিসেবে কাজ করছে।’
ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবো এক প্রতিবেদনে জানিয়েছে, ইনজুরির পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে রানিং শু পরে হালকা রানিং করলেও আগামী সপ্তাহের আগে বুট পরে বল পায়ে অনুশীলনে নামছেন না তিনি। তবে দলের আবহাওয়া ঠিক রাখতে আজ মরক্কো ম্যাচে ব্রাজিলের ডাগআউটে বা বিকল্প বেঞ্চে সাবস্টিটিউট হিসেবেও বসে থাকতে দেখা যেতে পারে এই মহাতারকাকে।
এমএমএম/

