কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এলেন কোচ জুলিয়ান নাগেলসমান। সম্প্রতি কাফ ইনজুরিতে ভোগার পর গোলকিপার মানুয়েল ন্যয়ার খেলার জন্য যথেষ্ট সুস্থ আছেন।
২০১৪ সালে জার্মানির বিশ্বকাপ জয়ী দলে নিয়মিত ছিলেন ন্যয়ার। তবে ২০২৪ ইউরোর কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে ২-১ গোলে হারের পর থেকে জাতীয় দলের জার্সি পরেননি তিনি।
তবে অন্য জার্মান গোলকিপারদের চোটের পর দলে ফিরতে রাজি হন ন্যয়ার। ক্লাব পর্যায়ে বসন্তকাল দারুণ কেটেছে তার। যদিও মে মাসে ইনজুরির কারণে ডিএফবি পোকাল ফাইনালে খেলতে পারেননি। তবে আজ তিনি খেলবেন বলে ধারণা করা হচ্ছে।
নাগেলসমান বললেন, ‘সব খেলোয়াড়রা ফিট এবং মানু শুরু করবে।’ প্রায় দুই বছর পর জার্মানির হয়ে প্রথমবার মাঠে নামবেন ৪০ বছর বয়সী গোলকিপার।
কুরাসাওকে নিয়ে সতর্ক জার্মান কোচ, ‘কুরাসাও খেলোয়াড়রা বেশ প্রশিক্ষিত এবং চাপ ছাড়াই টুর্নামেন্টে খেলতে পারবে। আর এটাই প্রতিপক্ষকে সবসময় বিপজ্জনক করে তোলে। আপনি শুধু ফেভারিট বলেই ম্যাচ কখনো জিততে পারবেন না। যদি নিখুঁত পারফরম্যান্স করতে পারি, তবেই আমরা জিতব।’
এফএইচএম

