World Cup Football Field

বিজ্ঞাপন

বাংলাদেশের সাবেক অধিনায়কের চোখে ব্রাজিল যেখানে পিছিয়ে ছিল

বাংলাদেশের সাবেক অধিনায়কের চোখে ব্রাজিল যেখানে পিছিয়ে ছিল

তিন দিন আগে শুরু হয়ে গেছে ফিফা বিশ্বকাপ। ব্রাজিল কিংবা আর্জেন্টিনার ম্যাচ না হওয়ায় এত দিন সেই চিরচেনা উন্মাদনা ও ফুটবলের উত্তাপ পাওয়া যায়নি। আজ ভোররাতে ব্রাজিল-মরক্কো ম্যাচ দিয়ে বাংলাদেশে বিশ্বকাপ উত্তেজনা প্রকাশ পেয়েছে তীব্রভাবে, তাতে যোগ দিয়েছেন বাংলাদেশের সাবেক ফুটবল তারকা জাহিদ হাসান এমিলি। 

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ফিফা বিশ্বকাপে প্রতিবারই তারা ফেভারিট। আজ ব্রাজিলের শুরুটা তাদের মতো হয়নি। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। মরক্কো ফিফা র‌্যাঙ্কিংয়ে ব্রাজিলের চেয়ে এক ধাপ পরেই সাত নম্বরে। গত আসরে ব্রাজিল যেখানে কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছিল, সেখানে মরক্কো সেমিফাইনাল খেলেছে। 

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাসান এমিলি, ‘মরক্কো অবশ্যই ভালো দল। সাম্প্রতিক সময়ে তারা যথেষ্ট উন্নতি করেছে। সেটা গত বিশ্বকাপের ফলাফল ও বর্তমান র‌্যাঙ্কিংই প্রমাণ। এরপরও ব্রাজিলের কাছে ফুটবলপ্রেমীদের প্রত্যাশা বেশি। সেই প্রত্যাশা আজ পূরণ করতে পারেনি।’

ফুটবলে ফুলব্যাক অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিশন। রবার্তো কার্লোস, মাইকন, দানি আলভেজের মতো ফুটবলার ছিলেন ব্রাজিলের স্কোয়াডে। সেই তুলনায় এবারের ফুলব্যাকের পারফরম্যান্সে বেশ হতাশ এমিলি, ‘সত্যিকার অর্থে, ব্রাজিলের যে মানের ফুলব্যাক আমরা এত দিন দেখে এসেছি। বর্তমানে সেটা নেই। আজকের ম্যাচে ব্রাজিল ফুলব্যাক পজিশনে খুবই ভুগেছে।’

২০০২ সালের পর ব্রাজিল আর বিশ্বকাপের ফাইনাল খেলতে পারেনি। ইতালিয়ান কোচ আনচেলত্তির ওপর বাড়তি চাপ দেখছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক, ‘আজকের খেলায় ব্রাজিলের ফুলব্যাক ও মিডফিল্ডে দুর্বলতা ছিল একেবারে স্পষ্টত। বিশ্বকাপ ইতোমধ্যে শুরু হয়েছে। কয়েক দিন পরই আবার ম্যাচ। এই সময়ের মধ্যেই তাকে (আনচেলত্তি) এই সমস্যা সমাধান করতে হবে। তার হাতে খুব বেশি বিকল্প নেই, এদের মধ্য দিয়েই সমন্বয় করতে হবে। মরক্কোর বিপক্ষে এমন পরিস্থিতি হয়েছে, নক আউট পর্বে ফ্রান্স, জার্মানি,ইংল্যান্ড, স্পেনের বিপক্ষে তাহলে অনেক বেগ পেতে হবে।’

ব্রাজিলের খেলায় হতাশ হলেও মরক্কোর পারফরম্যান্সে বেশ উচ্ছ্বসিত এমিলি, ‘মরক্কো মিডফিল্ড দারুণভাবে নিয়ন্ত্রণ করেছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে তারা খেলছে, কিন্তু কখনোই তাদেরকে অতিরিক্ত চাপ নিতে দেখা যায়নি। একেবারে সাবলীল ফুটবল খেলেছে। এই ধারা বজায় রাখতে পারলে গত আসরের মতো এই বিশ্বকাপেও তারা ভালো কিছু করতে পারবে।’

এজেড/এফএইচএম