জাপান ও নেদারল্যান্ডসের ম্যাচের প্রথমার্ধে ছিল আক্রমণ–পাল্টা আক্রমণের লড়াই। দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত প্রথম ৪৫ মিনিটে জালের দেখা পায়নি কেউ। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।
প্রথমার্ধে সবচেয়ে উল্লেখযোগ্য সুযোগটি আসে ৩৪ মিনিটে। কর্নার থেকে ডনিয়েল মালেনের জোরালো হেড লক্ষ্যভেদ করতে যাচ্ছিল। কিন্তু জাপানের গোলরক্ষক জিওন সুজুকি অসাধারণ প্রতিক্রিয়ায় বলটি ফিরিয়ে দেন। তার দুর্দান্ত সেই সেভই প্রথমার্ধে জাপানকে গোল হজম করা থেকে রক্ষা করে।
প্রথমার্ধে কোনো গোল না হলেও ম্যাচটিতে নেমে একটি রেকর্ড গড়েছে নেদারল্যান্ডস। বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম ডাচদের শুরুর একাদশে নেই দেশটির শীর্ষ লিগে খেলা কোনো ফুটবলার। অন্যদিকে জাপানের শুরুর একাদশে ছিলেন ওই লিগে খেলা দুই ফুটবলার—আয়াসে উয়েদা ও সুয়োশি ওয়াতানাবে।
নেদারল্যান্ডস অধিনায়ক ভার্জিল ফন ডাইকের জন্য ম্যাচটি বিশেষ একটি মাইলফলক। লিভারপুলের এই ডিফেন্ডার ২০২৫-২৬ মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে খেলতে নেমেছেন নিজের ৬৬তম ম্যাচ। আরও উল্লেখযোগ্য বিষয় হলো, এই ৬৬ ম্যাচের প্রতিটিতেই তিনি ছিলেন শুরুর একাদশে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা ফুটবলারদের মধ্যে চলতি মৌসুমে এটিই সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড।
এইচজেএস

