গত ২২ এপ্রিল বার্সেলোনায় খেলার সময় চোট পান লামিন ইয়ামাল। বিশ্বকাপে তার খেলা শঙ্কায় পড়েছিল, তবে আশাও ছিল। স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে দিলেন সুসংবাদ—ইয়ামাল একেবারে ‘পুরোপুরি ফিট’ আছেন। তবুও আজ কেপ ভার্দের বিপক্ষে স্পেনের প্রথম ম্যাচে তারকা ফরোয়ার্ডকে বেঞ্চে বসিয়ে রাখা হতে পারে।
ইনজুরি থেকে সেরে ওঠার লড়াইয়ে ছিলেন ইয়ামাল। গত সপ্তাহে মেক্সিকোর বিপক্ষে প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে খেলেননি তিনি। তা-ও এইচ গ্রুপে স্পেনের প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনা নিয়ে আশাবাদী দে লা ফুয়েন্তে।
সংবাদ সম্মেলনে কোচ বললেন, ‘ভালো খবর হলো লামিনে একদম নিখুঁত শারীরিক অবস্থায় আছে। আমরা তাকে ঠিক যে অবস্থায় দেখতে চেয়েছিলাম, এই মুহূর্তে সে সেই অবস্থাতেই এসে পৌঁছেছে। সে ভালো আছে, ঠিক যেমনটা নিকো (উইলিয়ামস) এবং ভিক্টর (মুনোজ) আছে। তারা সবাই খেলার জন্য প্রস্তুত, যদিও তাদের মধ্যে কেউ কেউ পুরো ম্যাচ খেলবে না।’
ডাক্তারের কাছ থেকে খেলার ছাড়পত্র পেয়েছেন ইয়ামাল। দে লা ফুয়েন্তে বললেন, ‘ডাক্তাররা বলেছেন, লামিন আগামীকাল (সোমবার) কোনো সমস্যা ছাড়াই খেলতে পারবে। ৯০ মিনিট না হোক, কিছু সময় খেলতে পারবে, হ্যাঁ...। একই প্রক্রিয়া (উইলিয়ামসের সঙ্গেও)। তারা অনেক দিন ধরে একসঙ্গে কাজ করছে, অনেক ঘণ্টা এবং তাদের যে সম্পর্ক, তারা বেশ খুশি। তারা খেলতে পারে, যদি ম্যাচে প্রয়োজন পড়ে।’
এফএইচএম

