World Cup Football Field

বিজ্ঞাপন

ব্রাজিলিয়ান জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী—নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা!

ব্রাজিলিয়ান জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী—নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা!

ফুটবল বিশ্বকাপে এলিয়েন হানা? ব্রাজিলীয় জ্যোতিষীর আজব দাবিতে তোলপাড় সোশাল মিডিয়া। চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালীন ফুটবল মাঠে নামবে এলিয়েন বা ভিনগ্রহীদের মহাকাশযান। এরপর ম্যাচ রেফারি, খেলোয়াড় ও গ্যালারিতে থাকা দর্শকসহ প্রায় ৭০০-রও বেশি মানুষকে অপহরণ করে নিয়ে যাবে তারা! শুনতে কোনো সায়েন্স ফিকশন বা হলিউড সিনেমার গল্পের মতো মনে হলেও, অবাস্তব এই দাবিটিই করেছেন ব্রাজিলের এক আধ্যাত্মিক গুরু ও জ্যোতিষী। আর এই অদ্ভুত ভবিষ্যদ্বাণী নিয়েই এখন নেটদুনিয়ায় চর্চা তুঙ্গে।

এই চাঞ্চল্যকর দাবি করা নারীর নাম এলিসাঞ্জেলা দে সুজা, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে 'ভো বাহিয়ানা' নামে পরিচিত। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ২ কোটিরও বেশি। সম্প্রতি একটি ভিডিওতে কান্নাভেজা কণ্ঠে তিনি নিজের একটি স্বপ্নের কথা শেয়ার করেন। তার দাবি অনুযায়ী একটি ম্যাচ চলাকালীন মায়ামির স্টেডিয়ামে প্রায় শতাধিক এলিয়েনসহ একটি বিশাল ইউএফও নেমে আসবে। সেখানে ব্যাপক চিৎকার, কান্না ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে।

এই ঘটনার জন্য তিনি নির্দিষ্ট করে ২০২৬ সালের ২৪ অথবা ২৬ জুন তারিখটিকে উল্লেখ করেছেন এবং ওই দিন সবাইকে মায়ামির স্টেডিয়াম থেকে দূরে থাকার জন্য সতর্ক করেছেন।  সোশাল মিডিয়ায় নিজের এক স্বপ্নের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘বন্ধুরা, আমি দেখেছি এলিয়ানরা মায়মির মাঠ আক্রমণ করেছে। আমি অনেক চিৎকার, অনেক কান্না, কষ্ট দেখেছি।’ তার এই মন্তব্য নিয়ে ব্রাজিলের সমর্থকদের জল্পনা। বাহিয়ানা সতর্ক করে বলেন, ‘২০২৬ সালের ২৪ জুন মায়ামির স্টেডিয়ামে যাবেন না। ওই জায়গা থেকে দূরে থাকুন।’ 

ফুটবল ভক্তদের ধারণা, আগামী ২৪ জুন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচের কথাই ইঙ্গিত করেছেন এই জ্যোতিষী। কারণ ওই ম্যাচে বিপুল দর্শকসমাগমের সম্ভাবনা রয়েছে।

বাহিয়ানার এই ভিডিওর পর আলোচনা আরও উসকে দিয়েছেন অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর জে ক্লেও। তার একটি টিকটক ভিডিও বেশ ভাইরাল হয়েছে, যেখানে তিনি বিষয়টিকে একটি আগাম সংকেত হিসেবে দেখছেন—যা হয়তো ভবিষ্যতে কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয়।

এই অদ্ভুত দাবি ফুটবলপ্রেমীদের মনে দুই বছর আগের অর্থাৎ ২০২৪ সালের মায়ামি মলের সেই ‘এলিয়েন’ বিতর্কের স্মৃতি মনে করিয়ে দিয়েছে। সে সময় একটি শপিং মলে কিশোরদের বাজি ফাটানো এবং পুলিশের ব্যাপক উপস্থিতিকে কেন্দ্র করে ভিনগ্রহী দেখার গুজব ছড়িয়ে পড়েছিল।

স্বভাবতই এই দাবির পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবে সোশাল মিডিয়ায় এটি নিয়ে মিশ্র ও মজাদার প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ মজা করে লিখছেন, ‘তাহলে কি এলিয়েনরা এত দূর থেকে শুধু ব্রাজিলের তারকাদের খেলা দেখতেই পৃথিবীতে আসছে?’, আবার কেউ বিষয়টিকে স্রেফ লাইক-কমেন্ট পাওয়ার জন্য সস্তা গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

এফএইচএম